আবিদের অনন্য কীর্তি

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৯, ২১:২৬

চালকের আসনে পাকিস্তান

 স্পোর্টস ডেস্ক

প্রথম ইনিংসে মাত্র ১৯১ রান বোর্ডে জমা করতে পেরেছিল পাকিস্তান। নিজেদের প্রথম ইনিংসে ২৭১ রান করে ৯০ রানের লিড নেয় শ্রীলঙ্কা। সেই পাকিস্তানই তৃতীয় দিন শেষে গতকাল আট উইকেট হাতে নিয়ে ৩১৫ রানের বিশাল লিড নিয়েছে।

আর এর পুরো কৃতীত্বটাই পাকিস্তানের ওপেনার আবিদ আলীর। করাচির জাতীয় স্টেডিয়ামে তিনি আবারও সেঞ্চুরির দেখা পেয়েছেন। শুধু সেঞ্চুরিই নয়, তিনি থেমেছে ১৭৪ রানে গিয়ে। ইনিংসে ছিল ২১টি চার ও একটি ছক্কা।

নিজের প্রথম দুই টেস্টেই সেঞ্চুরি করে এলিট ক্লাবের সদস্য হলেন আবিদ। রাওয়ালপিন্ডিতে ড্র হওয়া সিরিজের প্রথম ও নিজের অভিষেক টেস্টে ১০৯ রানের পর গতকাল লঙ্কান স্পিনার লাসিথ এম্বুলদেনিয়ার বলে দুই রান নিয়ে দ্বিতীয় সেঞ্চুরি পূরণ করেন ৩২ বছর বয়সি আবিদ। প্রথম টেস্টে সেঞ্চুরি করে লংগার ভার্সনে ও ওয়ানডে ক্রিকেটে নিজের অভিষেক ম্যাচে সেঞ্চুরি করা প্রথম খেলোয়াড়ও বনে যান আবিদ আলী।

এর আগে এ বছরের শুরুতে দুবাইতে ওয়ানডে ক্রিকেটে নিজের অভিষেক ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষেও সেঞ্চুরি হাঁকিয়েছিলেন পাকিস্তানের এ ওপেনার। টেস্ট ক্রিকেট ইতিহাসে বিশ্বের নবম ও পাকিস্তানের প্রথম খেলোয়াড় হিসেবে নিজের প্রথম দুই টেস্টেই সেঞ্চুরি করলেন আবিদ।

এর আগে ১৯৮৪ সালের ডিসেম্বরে নিজ মাঠে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক হওয়ার পর নিজের প্রথম তিন টেস্টেই সেঞ্চুরি হাঁকিয়েছিলেন ভারতের সাবেক অধিনায়ক আজহারউদ্দিন।

নিজের প্রথম দুই টেস্টেই সেঞ্চুরি করা অন্য খেলোয়াড়রা হলেন— অস্ট্রেলিয়ার উইলিয়াম পন্সফর্ড, ডগ ওয়াল্টার্স এবং গ্রেগ ব্লিওয়েট, ভারতের সৌরভ গাঙ্গুলি ও রোহিত শর্মা, ওয়েস্ট ইন্ডিজের আলভিন কালিচরন এবং নিউজিল্যান্ডের জিমি নিশাম। তৃতীয় দিন শেষে পাকিস্তানের স্কোর দুই উইকেটে ৩৯৫ রান। ৫৭ রান করে অপরাজিত আছেন অধিনায়ক আজহার আলী। আরেক অপরাজিত ব্যাটসম্যান বাবর আজম করেছেন ২২ রান। এর আগে ওপেনিংয়ে নেমে সেঞ্চুরি করেছেন শান মাসুদও। তার ব্যাট থেকে আসে ১৩৫ রান। আবিদের সঙ্গে মিলে শান যোগ করেন ২৭৮ রান।