সিডনির জোড়া গোলে টিকে রইল পুলিশ

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৯, ২১:২৬

স্পোর্টস রিপোর্টার

চলতি মৌসুমে বাংলাদেশ ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে ফেরা পুলিশের সামনে গতকাল শনিবার ছিল ফেডারেশন কাপে বাঁচামরার লড়াই। সিডনি রিভেরার জোড়া গোলে এমন লড়াইয়ে দারুণভাবেই উতরে গেছে পুলিশ। ৩-১ ব্যবধানে আরামবাগকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে টিকে রইল দলটি।

এই জয়ের ফলে দুই ম্যাচ থেকে তিন পয়েন্ট পেয়ে পরের রাউন্ডের আশা বাঁচিয়ে রাখল পুলিশ। শীর্ষে থাকা আবাহনীর সংগ্রহও তিন পয়েন্ট, তবে একটি ম্যাচ কম খেলেছে তারা। আর প্রথম ম্যাচেই হেরে তালিকায় সবার নিচে আছে আরামবাগ।  

সিডনি এক সময় খেলেছেন মেজর লিগ সকারে, ছিলেন ব্রাজিলীয় কিংবদন্তি কাকার সতীর্থ। অরল্যান্ডো সিটির সাবেক ফরোয়ার্ড সিডনি রিভেরা যখন বাংলাদেশ পুলিশে যোগ দিলেন, বেশ আলোড়নই সৃষ্টি হয়েছিল দেশীয় ফুটবলে। ফেডারেশন কাপের প্রথম ম্যাচে আবাহনীর বিপক্ষে ছিলেন একেবারেই নিষ্প্রভ, তাতে দল হেরেছিল ৪-০ ব্যবধানে।

তবে গতকাল শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আরামবাগের বিপক্ষে শুরু থেকেই দারুণ ছন্দে ছিলেন পুয়ের্তো রিকো ফরোয়ার্ড। তাতে দলও খেলল দুর্দান্ত। ম্যাচের শুরুতে অবশ্য আধিপত্য ছিল দুই দলেরই। আরামবাগ ফরোয়ার্ডরা বেশ কিছু গোলের সুযোগ সৃষ্টি করলেও দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন পুলিশ গোলরক্ষক। বারকয়েক নিষ্ফলা আক্রমণের পর ম্যাচের প্রথম গোলটা ৩১ মিনিটে পায় পুলিশ।

কর্নার থেকে ভেসে আসা বল আয়ত্বে নিয়ে নিখুঁত এক শটে বাংলাদেশের মাটিতে প্রতিযোগিতামূলক ম্যাচে নিজের প্রথম গোলটা পান সিডনি। পিছিয়ে পড়া আরামবাগ এরপর সমতা ফেরানোর লক্ষ্যে বারবার পুলিশ রক্ষণে হানা দিলেও গোলের দেখা পায়নি। এক গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধ বিরতিতে যায় পুলিশ।

দ্বিতীয়ার্ধের দৃশ্যটাও একইরকম ছিল। দুই দলের আক্রমণই গিয়ে ঠেকেছে গোলরক্ষকের বীরত্বে। তবে পরিস্থিতিটা পালটায় ৮২তম মিনিটে। বক্সের জটলা থেকে ব্যক্তিগত দ্বিতীয় গোলটি করে পুলিশকে দুই গোলে এগিয়ে দেন সিডনি।

৮৮ মিনিটে আরামবাগ অবশ্য পয়েন্ট উদ্ধারের একটা সম্ভাবনা জাগিয়েছিল। জাকির হোসেন জিকু পুলিশ রক্ষণের ভুলের সুযোগ নিয়ে ব্যবধান কমান। তবে যোগ করা সময়ে সিডনির আরেক ঝলকে আরামবাগের পয়েন্ট পাওয়ার সম্ভাবনা মিলিয়ে যায়। প্রতি আক্রমণে উঠে এসে ফরোয়ার্ড লুকা রটকোভিচের উদ্দেশ্যে ক্রস বাড়িয়েছিলেন তিনি। সে যাত্রায় ক্রসটা আরামবাগ রক্ষণ পুরোপুরি বিপদমুক্ত করতে ব্যর্থ হয়। ফাঁকায় পেয়ে মোহাম্মদ স্বাধীন বলটা জড়ান আরামবাগের জালে। ফলে জয় নিশ্চিত হয় পুলিশের।

আজকের খেলা

রহমতগঞ্জ-শেখ জামাল

বিকাল সাড়ে তিনটা

চট্টগ্রাম আবাহনী-ব্রাদার্স ইউনিয়ন

সন্ধ্যা ছয়টা

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, ঢাকা