মধ্য আমেরিকার দেশ হন্ডুরাসের একটি কারাগারে ভয়াবহ দাঙ্গায় অন্তত ১৮ কয়েদি নিহত হয়েছে বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। আহত হয়েছে অর্ধশতাধিক। শুক্রবার দেশটির উত্তরাঞ্চলীয় শহর টেলার ঐ কারাগারে প্রতিদ্বন্দ্বী দুটি গোষ্ঠীর মধ্যে এ দাঙ্গা হয়। কারা কর্মকর্তারা একথা জানিয়েছেন।
সহিংসতা মোকাবিলায় দেশটির সরকার গত সপ্তাহেই কারা ব্যবস্থাপনায় জরুরি অবস্থা জারি করে সেগুলোর দায়িত্ব নিরাপত্তা বাহিনীর হাতে তুলে দিয়েছিল। সামরিক বাহিনীর নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, শুক্রবার দাঙ্গা বাধার আগ পর্যন্তও টেলার কারাগারটি আনুষ্ঠানিক তাদের হাতে হস্তান্তর করা হয়নি। ঘটনার পর থেকে কারাগারটির ভেতর নিরাপত্তা বাহিনীর সদস্যরা অবস্থান করছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
সম্প্রতি দেশটির একাধিক কারাগারে দাঙ্গা হয়েছে। তবে এগুলোর মধ্যে উত্তরাঞ্চলীয় টেলারের এ কারাগারের দাঙ্গা ছিল সবচেয়ে ভয়াবহ। হন্ডুরাসে কারাগারে দাঙ্গার ঘটনা একটি সাধারণ বিষয়। দেশটির সব কারাগারে ৮ হাজার বন্দি রাখা সম্ভব। কিন্তু সেগুলোতে আছে ২০ হাজারের বেশি বন্দি। —বিবিসি
