প্রেসিডিয়াম সদস্য পুনর্নির্বাচিত হওয়ায় মোহাম্মদ নাসিমকে ১৪ দল নেতাদের অভিনন্দন

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৯, ০০:১২

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য পুনর্নির্বাচিত হয়েছেন ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম। গতকাল শনিবার আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে দলের নতুন প্রেসিডিয়াম সদস্যদের নাম ঘোষণা করেন দলটির সভানেত্রী শেখ হাসিনা। আবারও প্রেসিডিয়াম সদস্য হওয়ায় রাতে মোহাম্মদ নাসিমের ধানমন্ডির বাসভবনে গিয়ে তাকে ফুল দিয়ে অভিনন্দন জানান কেন্দ্রীয় ১৪ দলের নেতারা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গণ আজাদী লীগের সভাপতি এস কে শিকদার, ন্যাপের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, জাতীয় পার্টির (জেপি) প্রেসিডিয়াম সদস্য এজাজ আহমেদ মুক্তা, বাসদের আহ্বায়ক রেজাউর রশীদ খান প্রমুখ। রাতে ইত্তেফাককে দেওয়া এক প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের নতুন নেতারা নতুন উদ্যমে দেশকে এগিয়ে নিয়ে যেতে কাজ করবেন। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে দলের পূর্ণাঙ্গ কমিটি গঠনে সহযোগিতা করবেন প্রেসিডিয়াম সদস্যরা।