ইত্তেফাক রিপোর্ট
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) চেয়ারম্যান মোশ্তাক হাসান বলেছেন, দেশ এখন লবণ উত্পাদনে স্বয়ংসম্পূর্ণ। এজন্য লবণের কোনো ঘাটতি নেই। তাই লবণ আমদানির প্রয়োজন হয়নি। শনিবার রাজধানীর একটি হোটেলে ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্প এবং বিসিকের যৌথ আয়োজনে ‘বিসিকের কর্মকাণ্ড গতিশীল করার লক্ষ্যে কর্মকর্তাদের উদ্বুদ্ধকরণ কর্মশালা’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ফয়েজ আহম্মদ। তিনি বিসিকের জেলা ও মাঠ পর্যায়ের কর্মীদের উদ্দেশে বলেন, জেলা শহরে বিসিকের শিল্পাঞ্চলগুলোর বিকাশ ও উন্নয়নে জেলা প্রশাসকের সঙ্গে কাজ করতে হবে। একইসঙ্গে বিসিক ৫০টি শিল্পাঞ্চল এবং ১ কোটি কর্মসংস্থানের যে পরিকল্পনা এবং লক্ষ্য নির্ধারণ করেছে সেগুলো সময় মতো বাস্তবায়ন করবে বলেও আশা প্রকাশ করেন তিনি। মোশ্তাক হাসান জানান, বিসিককে শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে আটটি মহাপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। অতিদ্রুত অনলাইন এবং ওয়ানস্টপ সার্ভিস চালু করবে। কর্মশালায় আরো উপস্থিত ছিলেন—প্রিজম প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ আবদুস ছালাম ও প্রিজম প্রকল্পের টিম লিডার আলী সাবেত।
