ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) সংবাদদাতা
ফুলবাড়ীয়ার সন্তোষপুর বনাঞ্চলে বিশেষ করে বনবিট অফিসে পল্লী বিদ্যুত্ সংযোগ দেওয়ার পর থেকে বিদ্যুতায়িত হয়ে বনের বানর আহত হচ্ছে। বিদ্যুত্ সংযোগের সাত দিনেই পাঁচ-ছয়টি বানর আহত হয়েছে।
স্থানীয় আবু হানিফা জানান, যে সকল স্থান দিয়ে বানরগুলো আসা-যাওয়া করে বিশেষ করে বনের জায়গাটুকুতে বানরগুলো বিদ্যুতের খুঁটি বেয়ে উঠে তারে ঝুলে খেলা করার সময় বানরগুলো বিদ্যুতায়িত হয়ে আহত হয়। বানর সংঘবদ্ধ প্রাণী হওয়ায় এক বানর আহত হলে সকলেই ওখানে হুমড়ি খেয়ে পড়ে। বিদ্যুত্সংযোগ দেওয়ার সাত দিনের মধ্যে পাঁচ-ছয়টি বানর আহত হয়েছে। যে কোনো সময় বিদ্যুতায়িত হয়ে বানর মারা যাওয়ারও আশঙ্কা রয়েছে। সন্তোষপুর বনবিট কর্মকর্তা আশরাফুল আলম জানান, বিদ্যুত্ সংযোগ উদ্বোধনের পর বানরগুলো বিদ্যুতায়িত হয়ে আহত হচ্ছে। আমরা ইতোমধ্যে বন এলাকায় বিশেষ করে যে স্থানে বানরগুলোর বিচরণক্ষেত্র সেসব স্থানে কভার তার লাগানোর জন্য পল্লি বিদ্যুত্ অফিসে আবেদন করেছি।
ফুলবাড়ীয়া পল্লি বিদ্যুতের ডিজিএম অণিকা বর্মণ জানান, লাইনটি ডিজাইন করার সময় বনবিভাগ আমাদেরকে বললে ঐ সময়ই কভার তার দিয়ে দিতে পারতাম। আমাদের কনসালটেন্টরা সন্তোষপুর বনে যাবে এবং রিপোর্ট পাওয়ার পর ব্যবস্থা গ্রহণ করা হবে।
