খালিয়াজুরীতে শুরু হয়নি ফসল রক্ষা বাঁধের নির্মাণকাজ

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৯, ২১:১৩

খালিয়াজুরী (নেত্রকোনা) সংবাদদাতা

নিয়ম অনুযায়ী সময় অতিক্রম করছে। কিন্তু এখন পর্যন্ত খালিয়াজুরীতে শুরু হয়নি পানি উন্নয়ন বোর্ডের ফসল রক্ষা বাঁধের নির্মাণকাজ।

গত ৩০ নভেম্বরের মধ্যে প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) গঠনের মাধ্যমে ১৫ ডিসেম্বরের মধ্যে কাজ শুরু ও আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে ঐ কাজ শেষ করার জন্য সরকারের পক্ষ থেকে নির্দেশনা রয়েছে। কিন্তু এখন পর্যন্ত কাজ শুরু না হওয়ায় এখানকার বোরো ফসল অকাল বন্যার হুমকিতে পড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় কৃষকরা। স্থানীয় হাওর উন্নয়ন পরিষদের সভাপতি স্বাগত সরকার শুভ বলেন, এখানকার অধিকাংশ হাওরের পানি এবার সময়মতোই নিষ্কাশন হয়েছে। কৃষকরাও চাষাবাদ শুরু করে দিয়েছেন। কিন্তু নির্ধারিত সময়ে ফসল রক্ষা বাঁধের কাজ শুরু হয়নি। অকাল বন্যার পানি আসার আগে তড়িঘড়ি করে বাঁধের কাজ শুরু না হলে বছরের একমাত্র ফসল হারাতে হবে।  কৃষক সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা খন্দকার আনিসুর রহমান বলেন, প্রতি বছর ইচ্ছে করেই দেরিতে শুরু করা হয় ফসল রক্ষা বাঁধ নির্মাণের কাজ। এজন্য প্রায় প্রতি বছরই আগাম বন্যায় হাওরের একমাত্র ফসল ডুবে যায়। এ কারণে নির্ধারিত সময়ে বাঁধগুলো নির্মাণের দাবি জানান তিনি।

খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ এম আরিফুল ইসলাম জানান, এখানে গঠিত ৩৬টি পিআইসি অনুমোদিত হলেই বাঁধ নির্মাণকাজ শুরু হবে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করা যাবে বলেও জানান তিনি।

নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আক্তারুজ্জামান জানান, কিছু পিআইসি সময়মতো গঠন না হওয়া ও হাওরের পানি নামতে দেরি হওয়ায় বাঁধ নির্মাণকাজ শুরু হতে বিলম্ব হয়েছে। এখন খুব দ্রুত কাজ শুরু হবে।