‘লাভলি অ্যাক্সিডেন্ট’ শিরোনামে মিউজিক ভিডিওর মাধ্যমে যুগলবন্দী হলেন বাংলাদেশের মিউজিক স্টার কৌশিক হোসেন তাপস ও বলিউডি অভিনেত্রী সানি লিওন। দুই মেগাস্টারের ব্যতিক্রমধর্মী এই মিউজিক ভিডিওটি প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গেই ইউটিউবসহ সামাজিক যোগাযোগমাধ্যমে দারুণ আলোড়ন সৃষ্টি করেছে। মুম্বাইয়ে জি মিউজিকের ব্যানারে গত ১৭ ডিসেম্বর রাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপাপ্ত সংগীত পরিচালক কৌশিক হোসেন তাপসের ‘লাভলি অ্যাক্সিডেন্ট’ শিরোনামের মিউজিক ভিডিওটি প্রকাশিত হয়। প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গানবাংলা টেলিভিশনের চেয়ারপারসন ফারজানা মুন্নী। ‘লাভলি অ্যাক্সিডেন্ট’ প্রসঙ্গে কৌশিক হোসেন তাপস বলেন, ‘সানি লিওনের সঙ্গে একই ভিডিওতে কাজ করার অনুভূতি সত্যিই অন্যরকম। ড্যানিয়েল আমাকে এই গানে কণ্ঠ দেওয়ার জন্য আমন্ত্রণ জানান, যেটি আমার কাছে বেশ সম্মানজনক বলেই মনে হয়েছে। সানি লিওনও তার পারফরম্যান্সের মাধ্যমে ভিডিওটিকে অসাধারণ করে তুলেছেন। বাকি মূল্যায়ন দর্শকদের হাতে। তাদের সমর্থন পেলে আগামীতে আরও ব্যতিক্রমী কিছু উপহার দিতে চাই।’ গানটির আয়োজন করেছে সানি লিওনের স্বামী ড্যানি ওয়েবারের সানসিটি মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট। গানটির সংগীতায়োজন করেছেন কৌশিক, আকাশ ও গাড্ডু (কেএজি)। এতে তাপসের সঙ্গে কণ্ঠ দিয়েছেন হারজত কর। আর গানের ভিডিওটি পরিচালনা করেছেন সানি রজনী। ‘লাভলি অ্যাক্সিডেন্ট’ শিরোনামে হিন্দি গানটির ভিডিওতে মডেল হিসেবে দেখা গেছে কৌশিক হোসেন তাপস, বলিউড সেনসেশন সানি লিওনকে। অর্ধ-শতাধিক নৃত্যশিল্পী নিয়ে ব্যয়বহুল এই মিউজিক ভিডিওর কোরিওগ্রাফি করেছেন বিষ্ণু দেব।
