পথশিশুদের নিয়ে মিডিয়া ক্যাম্পেইন
ময়মনসিংহ প্রতিনিধি মিডিয়া কর্মী, শিশু সুরক্ষা কমিটির সদস্য, স্কুল-কলেজের শিক্ষক, জনপ্রতিনিধি ও এনজিও প্রতিনিধিদের নিয়ে রবিবার ময়মনসিংহে ‘পথশিশুদের জন্মনিবন্ধন ও অধিকার সংরক্ষণে প্রশাসন, মিডিয়া ও কমিউনিটির ভূমিকা’ শীর্ষক মিডিয়া ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে কারিতাস ময়মনসিংহ অঞ্চলের পথশিশুদের স্বপ্নের রূপায়ণ প্রকল্প এ মিডিয়া ক্যাম্পেইন অনুষ্ঠানের আয়োজন করে। শিশু সুরক্ষা কমিটির সভাপতি আলী আকবর বাবনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. হুমায়ন কবির। বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন আহাম্মদ, সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মাহফুজ ইবনে আইয়ুব প্রমুখ।
জৈব সার প্রয়োগে সবজি চাষের ফলাফল প্রদর্শনী
কামারখন্দ (সিরাজগঞ্জ) সংবাদদাতা কামারখন্দে রবিবার গোমূত্র থেকে উত্পাদিত জৈবসার ও জৈব বালাইনাশক ব্যবহার করে বিষমুক্ত সবজি চাষের ফলাফল প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংস্থা এনডিপি ও পিকেএসএফের পেইস প্রকল্পের আওতায় ডেয়রি ক্লাস্টার উন্নয়ন ও সম্প্রসারণের মাধ্যমে উদ্যোক্তাদের আয়বৃদ্ধিকরণ শীর্ষক ভ্যালু চেইন উন্নয়ন প্রকল্পের আয়োজনে উপজেলার বাগবাড়ী এলাকায় সবজি চাষের ফলাফল প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এনডিপির নির্বাহী পরিচালক মো. আলাউদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পশু বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. এ কে এম আহসান কবির, এনডিপির পরিচালক (কর্মসূচি) শাহ আজাদ ইকবাল, ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর মো. তৌফিকুল হক প্রমুখ।
‘এসডিজি বাস্তবায়নে তথ্য অধিকার আইনের ভূমিকা’ শীর্ষক সেমিনার
স্টাফ রিপোর্টার, রাজশাহী আঞ্চলিক তথ্য অফিস রাজশাহীর উদ্যোগে রবিবার গণকপাড়া ফ্রেন্ডস পিক কনভেনশন সেন্টারে ‘এসডিজি বাস্তবায়নে তথ্য অধিকার আইনের ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আঞ্চলিক তথ্য অফিস রাজশাহীর উপপ্রধান তথ্য অফিসার মোহাম্মদ আফরাজুর রহমানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত রাজশাহী বিভাগীয় কমিশনার ড. মো. আব্দুল মান্নান। স্বাগত বক্তব্য রাখেন আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার ফারুক মো. আব্দুল মুনিম। আঞ্চলিক তথ্য অফিসার মো. সামিউল আলমের উপস্থাপনায় সেমিনারে গণযোগাযোগ অধিদপ্তরের উপপরিচালক নাফেয়ালা নাসরিন, সোনালি সংবাদের সম্পাদক মো. লিয়াকত আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
দরিদ্রদের বিনা মূল্যে চিকিত্সা ও ব্লাড গ্রুপিং নির্ণয়
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা বিজয় দিবস উপলক্ষ্যে রবিবার শহিদ মুক্তিযোদ্ধাদের স্মরণে শিবগঞ্জে বিনামূল্যে চিকিত্সা ও ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচি পালিত হয়েছে। বাংলাদেশ আইডিয়াল সোসাইটি ইমপ্রুভমেন্ট ফাউন্ডেশনের (বিসিফ) আয়োজনে উপজেলার কানসাট বি এন বাজারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিসিফের সহ-সভাপতি মোহা. বাবর আলী। বিশেষ অতিথি ছিলেন ভোলাহাট উপজেলার বড়গাছী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধানশিক্ষক মুক্তিযোদ্ধা মো. আলী ইমাম ও বিসিফের এরিয়া ম্যানেজার (শিবগঞ্জ) মো. ইসমাইল হোসেন।
সোনার বাংলা শিশু নিকেতনের প্রতিষ্ঠাবার্ষিকী
মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা মিঠাপুকুরের রাণীপুকুর মাঠেরহাঠে অবস্থিত সোনার বাংলা শিশু নিকেতনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রবিবার আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। স্কুল মাঠে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিব খান। প্রতিষ্ঠানের সভাপতি মজিবর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন মাদারপুর নিম্ন-মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুবুল আলম, রাণীপুকুর স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক ইমরান আলী প্রামানিক, আওয়ামী নেতা রাজ্জাকুর রহমান মাস্টার প্রমুখ।
স্বাস্থ্য ও অধিকারবিষয়ক অ্যাডভোকেসি সভা
নেত্রকোনা প্রতিনিধি নারী প্রগতি সংঘ নেত্রকোনার উদ্যোগে রবিবার যৌন প্রজনন স্বাস্থ্য ও অধিকার বিষয়ক কার্যক্রমকে ত্বরান্বিত এবং স্থায়িত্বশীল করার লক্ষ্যে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। সংঘের হলরুমে নারী প্রগতি সংঘের ব্যবস্থাপক মৃণাল কান্তি চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মো. আনিছুর রহমান।
নগরঘাটা বিদ্যালয়ে মিড ডে মিল কর্মসূচি
তালা (সাতক্ষীরা) সংবাদদাতা তালার নগরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রবিবার টিফিন পিরিয়ডে প্রধানশিক্ষক মো. আব্দুস সাত্তারের নেতৃত্বে মিড ডে মিল কর্মসূচির আয়োজন করা হয়। পাশাপাশি ঝরে পড়া রোধে ও শিক্ষার্থীদের শতভাগ উপস্থিত নিশ্চিত করতে ২১১ জন শিক্ষার্থীদের মধ্যে টিফিন বক্স বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নগরঘাটা ইউপি চেয়ারম্যান মো. কামরুজ্জামান লিপু। বিশেষ অতিথি ছিলেন ইউপি সদস্য আব্দুল করিম বিশ্বাস, আওয়ামী লীগ নেতা শাহাদাত্ হোসেন, এলাহী বক্স, ঐ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্র মো. ফারুক হোসাইন প্রমুখ।
অন্তর হত্যার বিচার দাবিতে মানববন্ধন
শালিখা (মাগুরা) সংবাদদাতা শালিখার বুনাগাতী বাজারের ফল ব্যবসায়ী অন্তর হত্যার বিচার দাবিতে রবিবার মানববন্ধন করা হয়েছে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন চেয়ারম্যান বক্তিয়ার উদ্দিন লস্কর, বিএনপি নেতা মো. কায়জার মোল্যা, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সাহিদুর রহমান, অধ্যক্ষ মো. আকরাম খান প্রমুখ। উল্লেখ্য, গত বৃহস্পতিবার হরিশপুর গ্রামে অন্তরকে নৃশংসভাবে হত্যা করেছে কতিপয় সন্ত্রাসী।
সাংবাদিকদের স্মারকলিপি প্রদান
জামালপুর প্রতিনিধি সাংবাদিক শেলু আকন্দের ওপর হামলায় পঙ্গু হওয়ার ঘটনায় ছয় দফা দাবি জানিয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দিয়েছেন জামালপুরে কর্মরত সাংবাদিকেরা। গতকাল রবিবার সকালে জেলা প্রশাসক মো. এনামুল হক ও পুলিশ সুপার দেলোয়ার হোসেনের (বিপিএমপিপিএমবার) কাছে জেলার কর্মরত সাংবাদিকেরা এই স্মারকলিপি দেন। জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান ও সাধারণ সম্পাদক লুত্ফর রহমানের নেতৃত্বে জেলার সব সাংবাদিক উপস্থিত ছিলেন।
বৃদ্ধাকে কুপিয়ে আহত করায় স্বামী-স্ত্রী কারাগারে
আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা আগৈলঝাড়ায় বৃদ্ধাকে কুপিয়ে গুরুতর জখমের ঘটনায় থানায় দায়ের করা মামলার আসামি স্বামী-স্ত্রীকে গ্রেফতার করে গতকাল রবিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। উপজেলার বাগধা ইউনিয়নের দক্ষিণ আস্কর গ্রামে পূর্ববিরোধের জের ধরে ঐ গ্রামের লক্ষ্মীকান্ত বিশ্বাসকে (৭৩) বৃহস্পতিবার সন্ধ্যায় একই বাড়ির লিটন বিশ্বাস ও তার স্ত্রী পুতুল রানী এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এ ঘটনায় লক্ষ্মীকান্তর কন্যা কাজল রানী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। পুলিশ গত শনিবার রাতে তাদের গ্রেফতার করে।
বড়োদিন উপলক্ষ্যে খ্রিষ্টধর্মাবলম্বীদের মতবিনিময় সভা
ভ্রাম্যমাণ প্রতিনিধি ঝিনাইদহে বড়োদিন উপলক্ষ্যে খ্রিষ্ট ধর্মাবলম্বীদের সঙ্গে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে জেলা পুলিশ। এ সময় পুলিশ সুপার মো. হাসানুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার(সদর) তারেক আল মেহেদি, কালীগঞ্জ থানার ওসি মুহা. মাহফুজুর রহমান, সদর থানার ওসি মঈনউদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।
