ইত্তেফাক রিপোর্ট
হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী এবারের প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনীতে বহিষ্কার হওয়া শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হবে আগামী ২৪, ২৬ ও ২৮ ডিসেম্বর। গত ১৭ থেকে ২৪ নভেম্বর প্রাথমিক সমাপনী পরীক্ষা চলাকালে প্রায় ১২৭ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়, যারা আদালতের নির্দেশে নতুন করে পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছে। আগামীকাল ২৪ ডিসেম্বর সকালে ইংরেজি, বিকালে প্রাথমিক বিজ্ঞান, ২৬ ডিসেম্বর সকালে বাংলা, বিকালে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং ২৮ ডিসেম্বর সকালে গণিত, বিকালে ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের পরীক্ষা নেওয়া হবে।
আর ইবতেদায়ি সমাপনীতে ২৪ ডিসেম্বর সকালে ইংরেজি, বিকালে আরবি, ২৬ ডিসেম্বর সকালে বাংলা, বিকালে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং বিজ্ঞান, ২৮ ডিসেম্বর সকালে গণিত, বিকালে কোরআন মজিদ ও তাজবিদ এবং আকাইদ ও ফিকাহ বিষয়ের পরীক্ষা নেওয়া হবে। সকালের পরীক্ষা ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা এবং বিকালের পরীক্ষা দুপুর ২টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত হবে। আদালতের নির্দেশনা অনুযায়ী ৩১ ডিসেম্বরের মধ্যেই ফল প্রকাশ করা হবে।
এই পরীক্ষা নেওয়ার জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর তা সব জেলা প্রশাসক (ডিসি) এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের পাঠিয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষার্থী যে পরীক্ষায় বহিষ্কৃত হয়েছে সেই পরীক্ষাসহ পরবর্তী সব পরীক্ষায় অংশ নিতে পারবে।
