উত্পল দত্তের মুক্তিযুদ্ধভিত্তিক নাটক ‘ঠিকানা’

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৮, ১৮:০১

সারাদেশ বিনোদন ডেস্ক

 

বাংলাদেশের অন্যতম নাট্য সংগঠন লোক নাট্যদল (বনানী) মঞ্চে নিয়ে এসেছে মুক্তিযুদ্ধভিত্তিক নতুন নাটক ‘ঠিকানা’। গত ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে নাটকটির আনুষ্ঠানিক মঞ্চায়ন সন্ধ্যা ৬টায় বাংলাদেশ মহিলা সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঠিকানা নাটকের আনুষ্ঠানিক মঞ্চায়নের শুভসূচনা করেন নাট্যজন মামুনুর রশিদ। অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. মফিজুল ইসলাম ও নাট্যজন ম. হামিদ। লোক নাট্যদলের উপদেষ্টা মোহিনী মোহন চক্রবর্ত্তী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।

বাংলা মঞ্চ নাটকের অন্যতম প্রবাদ পুরুষ নাট্যকার, অভিনেতা ও নির্দেশক উত্পল দত্ত ‘ঠিকানা’ নাটকটি রচনা করেন ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে এবং মুক্তিযুদ্ধ চলাকালেই ২ আগস্ট ১৯৭১ সালে কলকাতায় নাটকটি মঞ্চস্থ হয়। এটি বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় রচিত এ নাটকটি বাঙালির আত্মত্যাগের একটি অসামান্য আখ্যান। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের দৃষ্টিকোণ থেকে অত্যন্ত তাত্পর্যপূর্ণ ঠিকানা নাটকটির নির্দেশনা দিয়েছেন ভারতের পুণে বিশ্ববিদ্যালয় থেকে নাট্যশাস্ত্রে পিএইচডি ডিগ্রি অর্জনকারী লোক নাট্যদলের সিনিয়র সদস্য ড. প্রণবানন্দ চক্রবর্ত্তী।

লোক নাট্যদলের ২৮তম প্রযোজনা ঠিকানা নাটকে অভিনয় করেছেন সামসাদ বেগম, ইউজিন গমেজ, হাফিজুর রহমান, প্রণবানন্দ চক্রবর্ত্তী, মনিকা বিশ্বাস, সাদেক ইসলাম, অন্দ্রিলা অদিতি দাস, মোজাক্কির আলম রাফান, সোহেল মাসুদ, আরিফ আহম্মেদ, তনয় মজুমদার, সুধাংশু নাথ, তানজিনা রহমান, জসিমউদ্দিন খান, আবদুল্লাহ আল হারুন বাসুদেব হালদার ও মিনহাজুল হুদা দীপ। নাটকটির মঞ্চ পরিকল্পনা করেছেন জাহিদুর রহমান পিপলু, আলোক পরিকল্পনায় ঠান্ডু রায়হান, সহ-আলোক পরিকল্পনায় জিএম সিরাজুল হোসেন, সঙ্গীত পরিকল্পনা করেছেন মুজাহিদুল হক লেনিন, পোশাক পরিকল্পনায় কামরুন নূর চৌধুরী, রূপসজ্জ্বায় জনি সেন, রূপসজ্জা সমন্বয় আবদুল্লাহ আল হারুন, প্রপস জসিম উদ্দিন খান, মঞ্চ ব্যবস্থাপনা সুধাংশু নাথ, সহ-মঞ্চ ব্যবস্থাপনা সোহেল মাসুদ, প্রযোজনা অধিকর্তা- কামরুন নূর চৌধুরী, প্রযোজনা উপদেষ্টা হিসেবে রয়েছেন ইউজিন গোমেজ, জাহিদুর রহমান পিপলু ও আবদুল্লাহ আল হারুন।

১৯৮১ সালে প্রতিষ্ঠাকাল থেকে লোক নাট্যদল ৩৬ বছরে বিশ্ব নাটকের খ্যাতনামা নাট্যকারদের পাশাপাশি বাঙালি বরেণ্য নাট্যকারদের ভিন্ন ভিন্ন বিষয় ও আঙ্গিকের ২৭টি বৈচিত্র্যপূর্ণ নাটক মঞ্চে এনেছে এবং এ পর্যন্ত সবগুলো নাটকের প্রদর্শনীর সংখ্যা প্রায় ১৫০০। বাংলাদেশের সর্বাধিক মঞ্চায়িত নাটক ‘কঞ্জুস’সহ দলের অন্যান্য উল্লেখযোগ্য নাটকগুলো হচ্ছে অন্ধ নগরীর চৌপাট রাজা, এ মিড সামার নাইটস ড্রিম, রথযাত্রা, বিধি ও ব্যতিক্রম, মানুষ, টাপুর টুপুর, হেলেন, পদ্মা নদীর মাঝি, সোনাই মাধব, তপস্বী ও তরঙ্গিনী, মধুমালা, সিদ্ধিদাতা, মাঝ রাতের মানুষেরা, তুষাগ্নি, মড়া, বশীকরণ, বৈকুণ্ঠের খাতা, সুনাগরিকের সন্ধানে, পরগাছা ইত্যাদি। তার মধ্যে ‘বৈকুণ্ঠের খাতা’ নাটকটি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সরকারের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অনুদানে নির্মিত ও মঞ্চায়িত হয় ২০১১ সালে।

লোক নাট্যদল তার প্রযোজনাসমূহ ভারতের বিভিন্ন অঙ্গরাজ্যসহ নেপাল, হংকং, জাপান, তুরস্ক, দক্ষিণ কোরিয়া, ইংল্যান্ড, মোনাকোর বিভিন্ন উত্সবে মঞ্চস্থ করেছে।