নেত্রকোনার মোহনগঞ্জের মানশ্রী গ্রাম থেকে এক নববধূর লাশ উদ্ধার করা হয়েছে। ওই নববধূর নাম হীরামনি (১৯)। সে মাঘান সিয়াধার ইউনিয়নের মানশ্রী গ্রামের কৃষক কাজিম উদ্দিনের কন্যা এবং একই গ্রামের আঃ আওয়ালের স্ত্রী।
পুলিশ সূত্রে জানা গেছে, মাত্র ৯ দিন আগে আঃ আওয়ালের সঙ্গে হীরামনির বিয়ে হয়। রবিবার দুপুরে হীরামনিকে গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার করে স্বামীসহ শশুরবাড়ীর লোকজন তাকে মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। তারপর তাকে হাসপাতালে রেখে পালিয়ে যায়।
আরও পড়ুন: সন্তান মানুষ করার শিল্পকলা
মোহনগঞ্জ থানার ওসি মোঃ শওকত আলী জানান, লাশ ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এটি আত্মহত্যা হলে নববধূ কেন আত্মহত্যা করলো তা এবং এটি হত্যা নাকি আত্মহত্যা তা ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর বোঝা যাবে। সেই অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
ইত্তেফাক/নূহু
