উল্লাপাড়া-শাহজাদপুর-কামারখন্দ উপজেলার লক্ষাধিক মানুষের চলাচলের আঞ্চলিক সড়কে একটি সেতুতে ফাটল ধরেছে। সেতুটির নিচে গাছের গুড়ির ঠেকনা দিয়ে ঝুঁকিতে যানবাহন পারাপার করা হচ্ছে। পঞ্চক্রোশী ইউনিয়নের মনিরপুরে এ ব্রিজটি।
গত সোমবার সকালে পুরনো ও ক্ষতিগ্রস্ত এই সড়ক সেতুটির ওপর দিয়ে ১০ চাকার একটি মালবাহী ট্রাক যাওয়ার সময় সেতুর মাঝখানে ভেঙ্গে বড়ো ফাটলের সৃষ্টি হয়। এরপর থেকে এই পথে সড়ক ও জনপথ বিভাগ ভারী যানবাহন চলাচল বন্ধ করে দেয়।
প্রায় ২ বছর আগে এই সড়ক সেতুর দুই পাশের গাইড ওয়াল ভেঙে যায়। সেই সঙ্গে এর ওপরের পাটাতন বেশ কয়েক ইঞ্চি দেবে যায়। ফলে সড়ক সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। কিন্তু এই ঝুঁকিপূর্ণ সড়ক সেতুর ওপর দিয়েই চলাচল করতো ভারী যানবাহন। কর্তৃপক্ষ এখানে ভারী যানবাহন না চালানোর জন্য একটি সর্তকীকরণ নোটিশ ঝুলিয়ে দিলেও তা কোনও কাজে আসেনি।
উল্লাপাড়া-শাহজাদপুর-কামারখন্দ রাস্তা হয়ে এ অঞ্চলের তিনটি উপজেলার মানুষ সিরাজগঞ্জ জেলা শহরে প্রতিদিন যাতায়াত করে থাকে। ব্যবসায়ীরা পরিবহন করে মালামাল। ফলে এই রাস্তায় প্রতিদিন প্রচুর যানবাহন চলাচল করে থাকে। স্থানীয়রা অনেক আগেই ক্ষতিগ্রস্ত এই সড়ক সেতুটি মেরামতের জন্য সড়ক ও জনপথ বিভাগের কাছে আবেদন জানিয়েছিলেন। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমলে নেয়নি এই আবেদন। সড়ক ও জনপথ বিভাগের উল্লাপাড়া উপ-বিভাগীয় প্রকৌশলীর কার্যালয় থেকে ১৮ ডিসেম্বর এই সেতুর নিচে কয়েকটি গাছের গুড়ি পুঁতে ঠেকনা দিয়ে হালকা যানবাহন পারাপারের ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ ব্যাপারে সংশ্লিষ্ট পঞ্চক্রোশী ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজ বলেন, 'গাছের গুড়ি পুঁতে এই সড়ক সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচল করানো রীতিমতো ঝুঁকির ব্যাপার। অবিলম্বে এই আঞ্চলিক সড়কে ভাঙা সড়ক সেতুর পাশে বিকল্প রাস্তা তৈরি করে এখানে যানবাহন চলাচল স্বাভাবিক করার ব্যবস্থা নেওয়া উচিত।'
আরও পড়ুন: আলমডাঙ্গায় জিকে ক্যানেলের ২৮৮ অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু
এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম প্রামানিকের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, 'দুই- একদিনের মধ্যে ওই সড়ক সেতুর পাশে বিকল্প রাস্তা নির্মাণ করে যানবাহন চলাচল স্বাভাবিক করা হবে। তবে এই সড়ক সেতুটি পুনঃনির্মানের জন্য টেন্ডার আহ্বান করা হয়েছে। কিছুদিনের মধ্যেই নতুন সেতু নির্মাণ কাজ শুরু হবে।'
ইত্তেফাক/নূহু
