মদনে সড়ক দুর্ঘটনায় তৃতীয় শ্রেণির ছাত্র বাবুল নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। রবিবার সন্ধ্যায় উপজেলার তিয়শ্রী-ধানকুনিয়া সড়কে এ ঘটনা ঘটে। নিহত শিশুটি উপজেলার নায়েকপুর ইউনিয়নের আলমশ্রী গ্রামের কৃষক কামালের ছেলে ও সোনাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।
জানা যায়, সন্ধ্যায় বাবুল একই গ্রামের রাশিদ মিয়ার বাড়ির সামনে রাস্তার ডান পাশে দাঁড়িয়ে মুড়ি খাচ্ছিল। এ সময় বিপরীতমুখী একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হলে লোকজন তাকে মদন হাসপাতালে নিয়ে এলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ পাঠালে রাস্তায় তার মৃত্যু হয়। এলাকাবাসী চালককে আটক করে গাড়িসহ পুলিশে দিয়েছে।
মদন থানার ওসি মোঃ রমিজুল হক জানান, বাবুলের বাবা কামাল কোনো অভিযোগ না করায় উর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শে লাশ তার পরিবারের হাতে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
ইত্তেফাক/আরকেজি
