মোরেলগঞ্জের বহরবুনিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি এক যুগেরও বেশি সময় ধরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এ কারণে স্থানীয় ইউনিয়ন পরিষদের একটি কক্ষে ঐ কেন্দ্রের কার্যক্রম চলছে অনেকটা খুঁড়িয়ে খুঁড়িয়ে। ইউনিয়নবাসীর একমাত্র ভরসা এ স্বাস্থ্য কেন্দ্রটি। নিজস্ব ভবন ও জনবল সংকটের কারণে কাঙ্ক্ষিত চিকিত্সা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন তারা।
সদ্য যোগদানকারী উপসহকারী কমিউনিটি মেডিক্যাল কর্মকর্তা মো. আহসান হাবিব জানান, ফার্মাসিস্ট পদটি দীর্ঘদিন ধরে শূন্য। চতুর্থ শ্রেণির কর্মচারীর তিনটি পদের মধ্যে পিয়ন ও নিরাপত্তা প্রহরী পদটিও শূন্য রয়েছে। আয়া পদে কর্মরত যিনি রয়েছেন তিনিও প্রায়ই অনুপস্থিত। এফডব্লিউভির নাম কাগজ-কলমে থাকলেও যোগদানের পর থেকেই তিনি রয়েছেন জেলা শহরে ডেপুটেশনে। এফপিআই, এফডব্লিউসহ একজন মাঠকর্মী মাঠে থাকেন বলে অফিসে তাদের কোনো কাজ নেই বলে মেডিক্যাল কর্মকর্তা জানান। এছাড়া জায়গার স্বল্পতার কারণে রোগীরা চিকিত্সা নিতে এসে বসতে পারে না। নিজস্ব ভবন না থাকায় এসব সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।
ইউপি চেয়ারম্যান রিপন তালুকদার বলেন, দীর্ঘদিন ধরে তার ইউনিয়নের এই স্বাস্থ্য কেন্দ্রটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্মকর্তাসহ উপজেলা পর্যায়ে মাসিক সমন্বয় সভায় একাধিকবার বলা হয়েছে। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইব্রাহিম মোল্লা বলেন, বহরবুনিয়া ইউনিয়ন স্বাস্থ্য কল্যাণ কেন্দ্রটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। জনবল সংকটের বিষয়টিও জানানো হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান বলেন, ইউনিয়ন স্বাস্থ্য কল্যাণ কেন্দ্রগুলোর ব্যাপারে এর আগে উপজেলা মাসিক সমন্বয় সভায় একাধিকবার সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহিত করা হয়েছে।
