রংপুরে ঘন কুয়াশায় ক্ষতিগ্রস্ত হচ্ছে ধানের বীজতলা

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৯, ২১:০২

রংপুরে বোরো ধানের বীজতলা তীব্র শীত ও ঘন কুয়াশায় ক্ষতিগ্রস্ত হচ্ছে। বহু বীজতলায় চারা হলুদ ও লালচে বর্ণ ধারণ করেছে। এ অবস্থা আরো কয়েকদিন চললে বীজতলা নষ্ট হওয়ার শঙ্কা রয়েছে।

সরেজমিনে দেখা গেছে, এক সপ্তাহ ধরে তীব্র ঠান্ডার কারণে অনেক স্থানের বীজতলার চারা হলুদ বর্ণ হয়ে শুকিয়ে যাচ্ছে। কৃষকরা বলছেন, বীজতলা রক্ষায় প্রতিষেধক দিয়েও কাজ হচ্ছে না। কিছুতেই বীজতলা সজিব করা যাচ্ছে না। বীজতলা নষ্ট হয়ে গেলে পুনরায় বীজতলা করা অনেকের পক্ষে সম্ভব নাও হতে পারে বলে জানান কৃষক। তাই তারা পলিথিন দিয়ে বীজতলা রক্ষায় চেষ্টা করছেন।

রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী জানান, তারা বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখা ও সালফারযুক্ত ওষুধ ছিটানোর পরামর্শ দিচ্ছেন। এছাড়া বীজতলায় জিপসাম ও ইউরিয়া দিতে বলা হচ্ছে। তবে রোদ পেলে চারা সজিব হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন তিনি।