প্রত্যাশার চেয়ে বেশিই উত্তেজনা ছড়িয়েছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ লড়াই। সেই উত্তেজনা ছিল কটকে, সিরিজের তৃতীয় ম্যাচে। দর্শকেরা ক্রিকেট মাঠে যা যা উত্তেজনা আশা করে, তার কোনোটারই কোনো রকম কমতি ছিল না। ভারত দিন শেষে ম্যাচ ও সিরিজ দুটোই জিতে গেলেও অধিনায়ক বিরাট কোহলি স্বীকার করে নিয়েছেন যে ওয়েস্ট ইন্ডিজ দল বেশ ভালোই চেপে ধরেছিল স্বাগতিকদের।
সিরিজে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে গত রোববার রাতে ভারত ৪ উইকেটে হারায় ক্যারিবিয়ানদের। অধিনায়ক বিরাট কোহলি ৮৫, লোকেশ রাহুল ৭৭ ও রোহিত শর্মা ৬৩ রান করেন। ৩১ বলে অপরাজিত ৩৯ রান করে ভারতের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন জাদেজা। ৭ বল বাকি থাকতে তারা পৌঁছায় জয়ের বন্দরে। এই নিয়ে ১৭তম বারের মতো ৩০০-এর বেশি রান তাড়া করে জিতল ভারত।
সিরিজের প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজ ৮ উইকেটে। এরপর দ্বিতীয় ম্যাচে ভারত ১০৭ রানে জেতে। ফলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নেয় ভারত। এ নিয়ে টানা দশমবারের মতো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জিতল ভারত। এটা ভারতের নতুন রেকর্ড। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে টানা ৯টি সিরিজ জিতেছিল ভারত।
এই রাতে অনন্য এক কীর্তি গড়েন ভারতীয় ওপেনার রোহিত শর্মা। তিনি ছাড়িয়ে গেছেন সাবেক শ্রীলঙ্কান কিংবদন্তি ওপেনার সনাথ জয়াসুরিয়াকে। আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়ে এই বছর ওপেনার হিসেবে ২ হাজার ৪৪২ রান করেছেন রোহিত। এক পঞ্জিকাবর্ষে ওপেনার হিসেবে সবচেয়ে বেশি রানের রেকর্ডে পেছনে ফেলেছেন জয়াসুরিয়াকে। ১৯৯৭ সালে লঙ্কান কিংবদন্তি করেছিলেন ২ হাজার ৩৮৭ রান।
ম্যাচ শেষে কোহলি চাপের কথাটা মেনে দিলেন। বললেন, ‘ওয়েস্ট ইন্ডিজ আমাদের চেপে ধরেছিল। একটু হলেই ম্যাচের ফলাফলটা পালটে যেতে পারত। ‘আমি আউট হওয়ার পর নার্ভাস হয়ে পড়েছিলাম। তবে জাদেজার সঙ্গে কথা বলে আত্মবিশ্বাসী হলাম ম্যাচ জয়ের ব্যাপারে। জাদেজা ভালো খেলেছে। রোহিত-রাহুল দলের জয়ের ভিত গড়ে দিয়েছে। সিরিজে ছেলেরা ভালো খেলেছে। তাদের এই সিরিজ জয় প্রাপ্য ছিল।’
সিরিজ হারলেও হতাশ নন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক পোলার্ড। নিজেদের শক্তিমত্তার প্রমাণ দিতে পেরে গর্বিত তিনি। বললেন, ‘আমি সিরিজ হার নিয়ে মোটেও হতাশ নই। অবশ্যই ফলাফল অনেক বড়ো বিষয়। কিন্তু এটি দেখতে হবে, আমরা কোন অবস্থা থেকে এই সিরিজ খেলেছি। ছেলেরা দুর্দান্ত লড়াই করেছে। আমি দলের প্রশংসা করব। ভারত ভালো খেলেছে অবশ্যই, তবে বড়ো ব্যাপার হলো, ওদের সঙ্গে আমরা সমান তালে লড়াই করে খেলতে পেরেছি। টি-টোয়েন্টি ও ওয়ানডে—দুটি সিরিজই বেশ উপভোগ্য ছিল।’
