লিগ মৌসুমের শুরু থেকেই ‘মোল্টেন বল’

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৯, ২১:২৯

কথা ছিল ফুটবলে নতুন মৌসুমের শুরু থেকেই খেলা হবে নতুন ধরনের ‘মোল্টেন’ বলে। কিন্তু ফেডারেশন কাপ শুরু হওয়ার পর থেকেই দেখা গেল পুরোনো কসকো বল দিয়েই খেলা চলছে। তবে বাফুফে জানিয়েছে, আগামী মাসের শুরুতেই অর্ডারকৃত বল চলে আসবে। নতুন লিগ মৌসুমের শুরু থেকে খেলা হবে নতুন আমদানিকৃত বল দিয়েই।

নিম্নমানের কসকো বল ও তার আচরণ নিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে ফুটবলারদের গঞ্জনার কমতি ছিল না গেল মৌসুমগুলোতে। ঘরোয়া ফুটবলে দারুণ খেলেও ফুটবলারদের আন্তর্জাতিক কিংবা মহাদেশীয় ফুটবলে ভালো করতে না পারার পেছনেও আছে এর দায়।

নতুন মৌসুমের শুরু থেকেই উন্নতমানের মোল্টেন বলে খেলানোর উদ্যোগ নেওয়া হলেও মৌসুম শুরুর ফেডারেশন কাপে দেখা মিলল পুরোনো কসকো বলেরই। তবে আশার কথা জানালেন বাফুফের কম্পিটিশনস ম্যানেজার জাবের বিন তাহের আনসারি। জানালেন, নতুন লিগ মৌসুম শুরুর আগেই আসবে নতুন ধরনের বল।

বাফুফের পেশাদার লিগের এই কর্মকর্তা ইত্তেফাককে বলেন, ‘জাপানে বলের অর্ডার করলে সেটা প্রক্রিয়াজাত করে দেশে আসতেও তো কিছু সময়ের প্রয়োজন! তাতেই কিছুটা দেরি হয়েছে। তবে জানুয়ারির ৫ থেকে ৭ তারিখের ভেতরেই আমরা বলগুলো পেয়ে যাব। সেক্ষেত্রে নতুন লিগ মৌসুমের শুরু থেকেই এ বল দিয়ে খেলা গড়ানোর আশা করছি আমরা।’