অ্যাথলেটিক বিলবাওয়ের সঙ্গে গোলশূন্য ড্র করেছে রিয়াল মাদ্রিদ। নিজেদের মাঠে এই ড্রয়ের ফলে বার্সেলোনা থেকে দুই পয়েন্ট পিছিয়ে পড়েছে কোচ জিনেদিন জিদানের শিষ্যরা। বার্সেলোনা ম্যাচ থেকে দুই পরিবর্তন নিয়ে এদিন মাঠে নেমেছিল রিয়াল। গ্যারেথ বেল আর ইস্কোর জায়গায় এদিন রদ্রিগো গোয়েজ আর ভিনিসিয়াস জুনিয়র নেমেছিলেন মাঠে। তবে তরুণ খেলোয়াড়দের আসাও তাদের ফলাফল পরিবর্তন করতে পারেনি। ফলে টানা তৃতীয় ড্রয়ের কবলে পড়ে তারা। এর আগে বার্সেলোনা আলাভেসকে ৪-১ ব্যবধানে হারিয়ে এক ম্যাচ বেশি খেলে এককভাবে শীর্ষে উঠে গিয়েছিল। এই ড্রয়ের ফলে লা লিগা শিরোপাধারীদের সঙ্গে পয়েন্টের ব্যবধান ঘোচাতে ব্যর্থ হয়েছে রিয়াল। ফলে দুই পয়েন্টে পিছিয়েই বড়োদিনের ছুটিতে যাচ্ছে তারা।
