মানিকগঞ্জের বরুন্ডিতে একটা সেতুর বড়ো প্রয়োজন

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৯, ০০:০৭

মানিকগঞ্জের সদর উপজেলার বরুন্ডি খেয়াঘাট দিয়ে প্রতিদিন কালীগঙ্গা নদী পারাপার করে থাকেন তিনটি ইউনিয়ন এবং দক্ষিণ হরিরামপুর উপজেলার প্রায় লাখ মানুষ। এত বিপুল সংখ্যক মানুষকে এই খেয়াঘাটে এসে নদী পার হতে প্রতিদিনই করুণ সমস্যায় পড়তে হয়। দীর্ঘদিন ধরে এই জনগুরুত্বপূর্ণ এলাকায় একটি সেতু নির্মাণের দাবি এলাকাবাসীর।

বরুন্ডি খেয়াঘাট দিয়ে প্রতিদিন যাতায়াত করে থাকে সদর উপজেলার কাফাটিয়া, ভাড়াড়িয়া ও হাটিপাড়া ইউনিয়ন এবং দক্ষিণ হরিরামপুর উপজেলার প্রায় ৩০টি গ্রামের মানুষ। নদী এলাকা ঘিরে গড়ে উঠেছে হাট-বাজার এবং স্কুল-কলেজ। ভোর থেকেই নৌকা দিয়ে নদী পার হয় বাজারের ব্যবসায়ী, ক্রেতা-বিক্রেতা, বিভিন্ন অফিসের চাকরিজীবী ও স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি পেশার মানুষ। একবার নৌকা ধরতে ব্যর্থ হলে পরবর্তী নৌকা পেতে অপেক্ষা করতে হয় অন্তত ১৫-২০ মিনিট। এতে শিক্ষার্থী ও চাকরিজীবীরা যথাসময়ে শিক্ষা প্রতিষ্ঠান ও অফিসে উপস্থিত হতে পারেন না। আর বর্ষা মৌসুমে খেয়া পারাপারে ভোগান্তির মাত্রা বেড়ে যায় বহুগুণে। তাই এখানে একটি সেতু নির্মাণের জন্য এলাকার লোকজন অনেকদিন ধরেই দাবি জানিয়ে আসছেন।

এলাকার লোকজন জানান, এই খেয়াঘাটে নিয়মিত যাতায়াতকারীদের দুর্ভোগ তো নিত্যদিনের ব্যাপার, তাছাড়া রাতে কেউ অসুস্থ হলে নৌকা না পাওয়ায় হাসপাতালে রোগীকে নিতে চরম দুর্ভোগ পোহাতে হয়। শিক্ষার্থীরা জানান, প্রতিদিন এই ঘাট দিয়ে প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের সহস্রাধিক শিক্ষার্থী নদী পারাপার হয়। একবার নৌকা ধরতে ব্যর্থ হলে পরবর্তী নৌকা আসা পর্যন্ত অপেক্ষা করতে হয়। নৌকার আকারও অনেক ছোটো। কয়েকটা মোটর সাইকেল উঠলেই আর লোকজন ওঠার জায়গা থাকে না। তাই স্কুল-কলেজে যেতে দেরি হয়ে যায়। বিশেষ করে পরীক্ষার সময় নৌকা মিস করলে আরো বেশি সমস্যায় পড়তে হয়।

এ বিষয়ে মানিকগঞ্জ সদর উপজেলা এলজিইডির প্রকৌশলী জাহিদুল ইসলাম জানান, এই স্থানে সেতু নির্মাণের কারিগরি সমীক্ষা চলছে। সমীক্ষা শেষে প্রয়োজনীয় বরাদ্দ পেলেই এখানে সেতু নির্মাণের কাজ শুরু করা হবে।