রংপুরে সুমি আক্তার (১৪) নামে এক কিশোরীর গৃহ গৃহপরিচারিকা হত্যা ও মরদেহ গুমের অভিযোগে নগর বিএনপির সহ-সভাপতি কাওছার জামান বাবলাসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
রংপুর মেট্রোপলিটন পুলিশ মঙ্গলবার রাতভর নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাহিগঞ্জ ও মুন্সিপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
নিহত সুমি নগরীর নব্দীগঞ্জ এলাকার বাসিন্দা বলে জানা গেছে। সুমি বিএনপি নেতা বাবলার বোনের বাড়িতে গৃহপরিচারিকা ছিল। রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্র জানায়, বিএনপি নেতা কাওছার জামান বাবলার বোন লাবনী আক্তার তার স্বামীসহ নগরীর মুন্সিপাড়ায় বসবাস করেন। সুমি ওই বাড়িতে গৃহপরিচারিকা হিসেবে ছিল। গত শুক্রবার সন্ধ্যায় ওই বাড়িতে সুমি আক্তারকে হত্যা করা হয়। তিন দিন মরদেহ গুম করে রেখে মোটা অঙ্কের টাকার বিনিময়ে সুমির পরিবারের লোকজনকে ম্যানেজ করেন তারা।
পুলিশ আরো জানায়, সোমবার নগরীর মাহিগঞ্জ আলুটারি এলাকায় সুমির মরদেহ দাফন করা হয়। আর এসব ঘটনায় বাবলার মধ্যস্থতা করার অভিযোগ ওঠে। পরে সুমির মা বাদী হয়ে থানায় অভিযোগ দিলে মঙ্গলবার রাতে বাবলা, তার বোন লাবনী ও বোনের স্বামীসহ আম্বিয়া খাতুন নামে অপর এক গৃহপরিচারিকাকে গ্রেফতার করে পুলিশ।
আরো পড়ুন: আবারো হেনস্তার শিকার তাপসী পান্নু!
ইত্তেফাক/জেডএইচ
