পাবনায় র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত ১

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৯, ১১:০৫

পাবনা সদর উপজেলার রাজাপুর এলাকায় র‌্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার ভোররাত চারটার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আমিন শেখ (৪০)। তিনি উপজেলার গয়েশপুর ইউনিয়নের পয়দা গ্রামের এসকেন শেখের ছেলে।

 

র‌্যাবের দাবি, নিহত আমিন শেখ তালিকাভুক্ত সন্ত্রাসী ও ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে সদর থানায় ৩টি হত্যা, ৩টি অস্ত্র আইন ও ডাকাতিসহ ১১টি মামলা রয়েছে।

 

র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার আমিনুল কবির তরফদার জানান, সদর উপজেলার রাজাপুর এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছেন একদল ডাকাত-এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযানে যায় র‌্যাব। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি ছোঁড়ে পালানোর চেষ্টা করে ডাকাতদলের সদস্যরা। র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোঁড়ে। একপর্যায়ে ডাকাতদল পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

র‌্যাব জানায়, ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, তিনটি তাজা গুলি, একটি রাম দা, একটি চাপাতি ও ৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। নিহতের লাশ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পাবনা সদর থানায় সংশ্লিষ্ট ঘটনায় মামলা দায়েরসহ উদ্ধারকৃত অস্ত্র থানায় সোর্পদ করা হয়েছে।

 

ইত্তেফাক/এএম