আজ খ্রিস্টানদের ধর্মীয় উত্সব বড়দিন। সারাবিশ্বে এই দিনটিকে বিশেষভাবে পালন করা হয়। বিশেষ এই দিন উপলক্ষে দেশের টিভি চ্যানেলগুলোতেও প্রচারিত হয় বিশেষ অনুষ্ঠান ও নাটক—
‘যে জীবন জীবনের’
বড়দিন উপলক্ষে নির্মাণ করা হয়েছে বিশেষ নাটক ‘যে জীবন জীবনের’।
দেশ টিভিতে নাটকটি প্রচারিত হবে আজ রাত ৯টায়। গোলাম রাব্বানীর রচনায় নাটকটি পরিচালনা করেছেন জয়ন্ত রোজারিও। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শম্পা রেজা, এফ এস নাঈম, নাদিয়া নদী, অ্যান্থনি প্রমুখ।
‘রিয়েল ক্রিসমাস’
বড়দিন উপলক্ষে একুশে টেলিভিশন আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠানমালা। এ উপলক্ষে আজ রাত ১০টায় প্রচারিত হবে বিশেষ নাটক ‘রিয়েল ক্রিসমাস’। ইয়েমীন এলেনের রচনা ও পরিচালনায় নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তাসনুভা তিশা, তানভীরসহ অনেকে।
বড়দিনের বিশেষ ‘মিউজিক ক্লাব’
বড়দিন উপলক্ষে বাংলাভিশনের ফোনোলাইভ স্টুডিও কনসার্ট ‘মিউজিক ক্লাব’-এ আজকের অতিথি সংগীতশিল্পী ডলি সায়ন্তনী। সরাসরি সম্প্রচারিত এই অনুষ্ঠানে দর্শকরা ফোন করে অতিথির সঙ্গে কথা বলার পাশাপাশি গানের অনুরোধ করতে পারবেন। এই পর্বটি প্রচারিত হবে আজ রাত ১১টা ২৫ মিনিটে।
‘প্রভু যীশুর শুভাগমন’
বিশেষ অনুষ্ঠান ‘প্রভু যীশুর শুভাগমন’ প্রচারিত হবে বাংলাভিশনে। এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকছেন ফাদার জেমস শ্যামল গোমেজ ও ভিক্টর গোমেজ। অনুষ্ঠানে বড়দিনের গুরুত্ব নিয়ে কথা বলেছেন অতিথিরা। কল্যাণ কোরাইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানটি প্রচারিত হবে আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।
