টি-২০ দিয়ে পরিস্থিতি বুঝতে চায় বিসিবি

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৯, ২১:১৩

বাংলাদেশের পাকিস্তান সফর

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশ দলের পাকিস্তান সফর নিয়ে ধোঁয়াশা কাটছে না। বাংলাদেশ চায় তিনটি টি-২০ খেলতে, টেস্ট হোক নিরপেক্ষ ভেন্যুতে। পাকিস্তান চায় দুই ফরম্যাটের পাঁচটি ম্যাচই হোক পাকিস্তানের মাটিতে। গত সোমবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি এহসান মানি সাফ জানিয়ে দিয়েছেন, দেশের বাইরে হোম সিরিজ খেলার সময় শেষ হয়ে গেছে পাকিস্তানের। প্রতিপক্ষ যারাই হোক, দেশের বাইরে হোম সিরিজ খেলবে না পাকিস্তান। বাংলাদেশের পাকিস্তান সফরে টেস্ট না খেলার কোনো কারণই খুঁজে পান না পিসিবি সভাপতি।

এদিকে বিসিবিও অবশ্য তাদের অবস্থান খুব একটা বদলায়নি। দুই বোর্ডের কথা চালাচালিতেই চলছে সফর সম্পর্কিত আলোচনা। নতুন করে গতকাল বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন বলেছেন, সার্বিক দিক বিবেচনা করেই তিনটি টি-২০ খেলে ফিরে আসার প্রস্তাব দিয়েছিল বিসিবি। টি-২০ ম্যাচগুলোর মধ্য দিয়ে পাকিস্তানের পরিবেশ বুঝতে চায় বিসিবি। তারপরই টেস্ট খেলার বিষয়ে সিদ্ধান্ত হবে। তাছাড়া টেস্ট খেলার আগে সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিতে হবে।

নিরাপত্তাজনিত কারণেই পাকিস্তান যেতে অনীহা দলগুলোর। বাংলাদেশও সেই তালিকার বাইরে নয়। সম্প্রতি কঠোর নিরাপত্তার ঘেরাটোপে শ্রীলঙ্কা পাকিস্তান সফর করেছে। এমন নিরাপত্তার বেষ্টনিতে থেকে লম্বা সময় ক্রিকেট খেলা কঠিন কর্ম। তাই জানুয়ারিতে পাকিস্তান সফরে এই মুহূর্তে শুধু তিন টি-২০ খেলতে চায় বাংলাদেশ।

পিসিবি সভাপতির বক্তব্যকে স্বাভাবিকভাবেই দেখছেন বিসিবির প্রধান নির্বাহী। গতকাল নিজাম উদ্দিন চৌধুরী সুজন বলেছেন, ‘পাকিস্তানের যে অবস্থা, তাতে তারা তো চাইবেনই পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট পুরোমাত্রায় ফিরে আসুক। সেই চিন্তা থেকেই তারা হয়তো ঐ ধরনের কথা বলেছেন।’

বিসিবি অবশ্য সামগ্রিক পরিবেশকে গুরুত্ব দিচ্ছে বেশি। শুধু ২২ গজের ক্রিকেটই নয়, ক্রিকেটকে ঘিরে থাকা পরিবেশও গুরুত্বপূর্ণ। অতিথি দলকে এখন সর্বোচ্চ নিরাপত্তা দিচ্ছে পাকিস্তান। কিন্তু তার কারণেই অতিথি দলের ক্রিকেটারদের জীবন বন্দী হয়ে যাচ্ছে হোটেল ও মাঠের মধ্যে। যা নাভিশ্বাস তুলতে যথেষ্ট। বাংলাদেশ দলের কোচরা বিদেশি। তাই সবার সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিতে হবে বিসিবিকে।

বিসিবির প্রধান নির্বাহী গতকাল বলেছেন, ‘ম্যাচের পরিবেশের একটা ব্যাপার আছে। একই সাথে ম্যাচের সঙ্গে সম্পৃক্ত আমাদের যে খেলোয়াড় আছে, টিম ম্যানেজমেন্ট আছে; আমাদের টিম ম্যানেজমেন্টের বেশির ভাগ সদস্য দেশের বাইরের, বিদেশি কোচিং স্টাফ। এ ছাড়া আরো যারা সম্পৃক্ত আছেন, সবার সঙ্গে আলোচনা করে লম্বা সময় থাকার (পাকিস্তানে) ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।’

প্রাথমিক প্রস্তাবে তাই আপাতত তিনটি টি-২০ খেলার কথাই বলেছিল বিসিবি। টি-২০ সিরিজে সবকিছু ঠিকঠাক পেলে টেস্টের কথা ভাববে বিসিবি। নিজাম উদ্দিন চৌধুরী সুজন বলেছেন, ‘এ জন্যই আমাদের প্রাথমিক প্রস্তাবটা হচ্ছে যে; আমরা যদি সীমিত সময়ের জন্য তিনটি টি-টোয়েন্টি খেলে আসতে পারি; তাহলে সবাই পরিস্থিতি ভালোভাবে বুঝতে পারবে। এই চিন্তা-ভাবনা থেকেই আমাদের এ প্রস্তাবটা দেওয়া।’

টি-২০ সিরিজের জন্য একটা ভেন্যুর কথাই প্রস্তাব করেছে বিসিবি। সেটা লাহোর বা করাচি হতে পারে। বিসিবির প্রধান নির্বাহী বলেছেন, ‘ওইটাও একই কারণে—মুভমেন্ট এবং সেখানে থাকার স্থায়িত্বের কথা চিন্তা করে একটা ভেন্যুর কথাই প্রস্তাব করা হয়েছে। ’