কারণ :আইপিএল
স্পোর্টস রিপোর্টার
অনেকটা রীতির মতোই প্রতিটি আন্তর্জাতিক ম্যাচের আগে দলগুলো থেকে অধিনায়ক সংবাদ মাধ্যমের মুখোমুখি হন। ম্যাচ নিয়ে লক্ষ্য, পরিকল্পনা, ভাবনা জানাতে অন্তত কোচ বা একজন খেলোয়াড়কে পাঠানো হয় আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে।
গতকাল যেই রীতির ধার ধারেনি ওয়েস্ট ইন্ডিজ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দুপুর থেকে বিকেল অব্দি অনুশীলন করেছে ক্যারিবিয়ানরা। কিন্তু সংবাদ মাধ্যমে পাঠায়নি দলের কোনো প্রতিনিধি।
বিসিবির মিডিয়া বিভাগ থেকে জানা গেছে, গত মঙ্গলবার রাতেই ওয়েস্ট ইন্ডিজের মিডিয়া ম্যানেজার সাফ জানিয়ে দিয়েছিলেন অনুশীলন করলেও এই ম্যাচের আগে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলবে না ক্যারিবিয়ানরা।
সিলেটে আট উইকেটের জয়ে সিরিজে এগিয়ে আছে উইন্ডিজরা। বেশ ফুরফুরে মেজাজে থাকায় গতকাল বরং সিরিজ জয়ের মিশন নিয়ে কথা বলাই স্বাভাবিক ছিল। বাংলাদেশের বিরুদ্ধে আজকের দ্বিতীয় ম্যাচটি হয়ে যেতে পারে তাদের সিরিজ জয়ের মঞ্চ! অথচ এমন ম্যাচের আগে মুখে কুলুপ উইন্ডিজদের!
কিন্তু কেন সংবাদ মাধ্যম থেকে দূরে থাকার চেষ্টা হঠাত্ করে?
জানা গেছে, মঙ্গলবার বিকেলে রাজস্থানের জয়পুরে হয়ে যাওয়া আইপিএলের ১২তম আসরের নিলামই গতকাল ওয়েস্ট ইন্ডিজ দলের মুখে তালা পড়ে যাওয়ার মূল কারণ। আইপিএলের নিলামে মঙ্গলবার বাংলাদেশের বিরুদ্ধে চলমান টি-টোয়েন্টি সিরিজের দলে থাকা ছয় ক্রিকেটারই দল পেয়েছেন। সফরকারী দলের ভাবনা ছিল, গতকাল সংবাদ মাধ্যমের সামনে আসলে প্রশ্ন হবে আইপিএল নিয়ে। সেক্ষেত্রে সিরিজ থেকে আইপিএলের দিকে মনোযোগ সরে যেতে পারে ক্রিকেটারদের। আর দলটার মনোযোগ এই টি- টোয়েন্টি সিরিজে ধরে রাখতেই সংবাদ মাধ্যমকে এড়িয়ে গেল উইন্ডিজরা।
যার সত্যতা পাওয়া গেল ক্যারিবিয়ানদের লিয়াজোঁ খন্দকার সাইদুল ইসলামের কথায়। বাংলাদেশের এই সাবেক ক্রিকেটার গতকাল এ প্রসঙ্গে জানতে চাইলে বলেছেন, ‘আমাকে ওদের মিডিয়া ম্যানেজার বলছে আজ (গতকাল) ওরা কথা বলবে না। নির্দিষ্ট কারণ তো আমাকে বলে না। আমাকে শুধু সিদ্ধান্তের কথা বলে। তবে আপনার যা ধারণা, আমারও তাই ধারণা। আইপিএল থেকে ক্রিকেটারদের দূরে রাখতে এটা করেছে। কারণ সিরিজে ওরা ১-০ তে এগিয়ে আছে।’
গতকাল মিরপুরে এসে মারকাটারি ব্যাটিংয়ের অনুশীলন করেছেন শিমরন হেটমায়ার, নিকোলাস পুরানরা। নেটে নির্দিষ্ট ব্যাটিংয়ের পর মিরপুরের মাঠে বিগ শট খেলার অনুশীলনে দেখা গেছে এই দুই তরুণকে। মঙ্গলবারের আইপিএল নিলামে ৪.২ কোটি রুপিতে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু কিনেছে হেটমায়ারকে। একমাস আগে ভারত সফরে পাঁচ ওয়ানডেতে ১৪০ স্ট্রাইক রেটে ২৫৯ রান করে নজর কেড়েছিলেন এই বাঁহাতি ব্যাটসম্যান। কার্লোস ব্রেথওয়েটকে ৫ কোটিতে কলকাতা নাইট রাইডার্স, নিকোলাস পুরানকে ৪.২ কোটিতে কিংস ইলেভেন পাঞ্জাব, শেরফানে রাদারফোর্ডকে ২ কোটিতে ও কেমু পলকে ৫০ লাখে দিল্লি ক্যাপিটালস, ওশানে থমাসকে ৫০ লাখে রাজস্থান রয়্যালস কিনেছিল।
