চতুর্থ শিল্পবিপ্লবের সদ্ব্যবহার করব :অর্থমন্ত্রী

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৯, ২২:১৪

অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল বলেছেন, এখন বিশ্বব্যাপী চতুর্থ শিল্পবিপ্লব চলছে। আর এটা হলো ডিজিটাল বিপ্লব। আমরা এর সদ্ব্যবহার করব। গতকাল বুধবার বিকালে রাজধানীর আগারগাঁওয়ের এনইসি মিলনায়তনে ওয়ালটন র্যামের উত্পাদন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এ সময় অর্থমন্ত্রী ওয়ালটনের মতো অন্য কোম্পানিগুলোকে আইসিটির ক্ষেত্রে অবদান রাখতে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, আইসিটি খাতে উন্নয়নে সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। আমাদের কাছে আসুন সরকারের পক্ষ থেকে আমরা আপনাদের সব সহযোগিতা করব। মোস্তাফা জব্বার বলেন, আইসিটি খাতে বাংলাদেশ এখন উত্পাদনকারী দেশ। এক সময় আমরা ছিলাম শতভাগ আমদানিনির্ভর দেশে। ভবিষ্যতে আমরা রপ্তানিকারক দেশে হব। তিনি বলেন, দেশের চাহিদার ৫০ শতাংশ মোবাইল ৯টি প্রতিষ্ঠান দেশেই উত্পাদন করে। এখন স্যামসাং, অপ্পো ফোন কোম্পানি            বাংলাদেশে তাদের পণ্য উত্পাদন করছে। আরো অনেক কোম্পানি বাংলাদেশে আসতে চাইছে। জুনাইদ আহমেদ পলক বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে বসে বেশ কিছু আইসিটি সরঞ্জামের ওপর আমদানি শুল্ক কমিয়েছি। আগামী পাঁচ বছরের মধ্যে ৫ বিলিয়ন ডলার আইসিটি সেক্টর থেকে রপ্তানির আয় হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গাজীপুরের চন্দ্রায় ওয়ালটনের নিজস্ব কারখানায় র্যাম (র্যানডম অ্যাকসেস মেমোরি) উত্পাদন কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস এম রেজাউল আলম, ব্যবস্থাপনা পরিচালক এস এম মঞ্জুরুল আলম অভি। ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এম এম জাহিদ হাসান প্রমুখ।