স্পোর্টস রিপোর্টার
বৈরী আবহাওয়ার বাধা ঠেলে মাঠে গড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) পঞ্চম রাউন্ডের ম্যাচ। প্রথম দিনের খেলা পরিত্যক্ত হয়েছিল বৃষ্টিতে। গতকাল ম্যাচের দ্বিতীয় দিনে দুই ভেন্যুতেই খেলা হয়েছে। বগুড়ায় ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল ও প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের ম্যাচে ৬৭ ওভার খেলা হয়। গতকাল দ্বিতীয় দিন শেষে টসে হেরে ব্যাট করা পূর্বাঞ্চলের সংগ্রহ চার উইকেটে ২০৪ রান। ইয়াসির আলী ৭০, মাহমুদুল হাসান ১৩ রানে অপরাজিত আছেন।
রাজশাহীতে বিসিবি উত্তরাঞ্চল ও ওয়ালটন মধ্যাঞ্চলের ম্যাচে খেলা হয়েছে ৩১.৪ ওভার। টস জিতে আগে ব্যাট করা উত্তরাঞ্চল ব্যাটিং বিপর্যয়ে পড়েছে। বল হাতে ঝড় তুলেছেন মধ্যাঞ্চলের বোলাররা। গতকাল দিন শেষে প্রথম ইনিংসে তাদের সংগ্রহ ৫ উইকেটে ৯২ রান। নাঈম ইসলাম ২৯ রানে ব্যাট করছেন।
শহীদ চান্দু স্টেডিয়ামে পূর্বাঞ্চলের শুরুটা ভালোই ছিল। গতকাল ইমরুল কায়েস, রনি তালুকদারের ওপেনিং জুটি বিচ্ছিন্ন হয় ৭৫ রানে। ইমরুল ৩৭ রান করে মেহেদী হাসানের শিকার হন। চার রানের ব্যবধানে একই বোলারের শিকার হয়ে ফিরেন অধিনায়ক মুমিনুল (৩)। ৮৫ রানে রনি তালুকদার রাজ্জাকের বলে এলবির ফাঁদে পড়লে তিন উইকেট হারায় পূর্বাঞ্চল। রনি ৪০ রান করেন। চতুর্থ উইকেটে আশরাফুল ও ইয়াসির আলী ১০৩ রানের জুটি গড়েন। ৩৭ রান করে বোল্ড হন আশরাফুল। হাফ সেঞ্চুরি তুলে নেন ইয়াসির আলী। দিনের বাকি সময়টা মাহমুদুল হাসানকে নিয়ে কাটিয়ে দেন একপ্রান্ত আগলে খেলা ইয়াসির আলী। দক্ষিণাঞ্চলের মেহেদী হাসান দুটি, আল-আমিন ও রাজ্জাক একটি করে উইকেট পান।
শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে গতকাল উত্তরাঞ্চলের ব্যাটিং লাইন কাঁপিয়েছেন মধ্যাঞ্চলের বোলাররা। চোট কাটিয়ে ফেরা ফাস্ট বোলার তাসকিন ২৮ রানে নিয়েছেন দুই উইকেট। পেসার শহীদুল ইসলাম একটি, আরাফাত সানি ও শুভাগত হোম একটি করে উইকেট নেন। ইনিংসের তৃতীয় ওভারেই মিজানুরকে (১৯) ফেরান তাসকিন। ষষ্ঠ ওভারে ফরহাদ হোসেন (০) শহীদুলের শিকার হন। তৃতীয় উইকেটে জুনায়েদ সিদ্দিকী-নাঈম ইসলামের ৩৮ রানের জুটি ভাঙেন আরাফাত সানি। জুনায়েদ ৩৫ রান করে আউট হন। সাব্বির রহমানকে (৬) নিজের দ্বিতীয় শিকার বানান তাসকিন। নাঈম ইসলাম একপ্রান্তে টিকে থাকলেও দিনের শেষ বলে নাইটওয়াচম্যান সাকলাইন সজীব (১) এলবির ফাঁদে পড়েন শুভাগত হোমের বলে।
সংক্ষিপ্ত স্কোর
ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল- প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল
পূর্বাঞ্চল : ২০৪/৪, ৬৭ ওভার (ইয়াসির আলী ৭০*, রনি তালুকদার ৪০, ইমরুল কায়েস ৩৭, আশরাফুল ৩৭, মাহমুদুল হাসান ১৩*; মেহেদী হাসান ২/৪৭, আল-আমিন হোসেন ১/২০, রাজ্জাক ১/৫৬)
বিসিবি উত্তরাঞ্চল-ওয়ালটন মধ্যাঞ্চল
উত্তরাঞ্চল : ৯২/৫, ৩১.৪ ওভার (জুনায়েদ ৩৫, মিজানুর ১৯, নাঈম ইসলাম ২৯*; তাসকিন ২/২৮, শুভাগত হোম ১/১, আরাফাত সানি ১/২১, শহীদুল ১/২৯)
