ব্রিটেনের ডিউক অব এডিনবরা প্রিন্স ফিলিপ সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী চার রাত হাসপাতালে কাটানোর পর বড়দিন উদ্যাপনের ঠিক আগের দিন ঘরে ফিরে গেলেন। ৯৮ বছর বয়সি ফিলিপ বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছেন। এ কারণে নিয়মিত তার স্বাস্থ্য পরীক্ষা করতে হাসপাতালে নেওয়া হয়। বাকিংহাম প্যালেসের পক্ষ থেকেও বলা হয়, ‘পূর্ব সতর্কতামূলক পদক্ষেপ’ হিসেবেই প্রিন্স ফিলিপকে কিং অ্যাডওয়ার্ড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং প্রয়োজনীয় চিকিত্সা করা হয়। রাজপরিবারের চিকিত্সকের পরামর্শ অনুসারে এ পদক্ষেপ নেওয়া হয়েছিল বলে তারা জানায়। হাসপাতাল কর্তৃপক্ষ গতকাল এক বিবৃতিতে জানিয়েছে, তার স্বাস্থ্যের অবস্থা উদ্বিগ্ন হবার মতো নয়।
ডিউক অব এডিনবরা ২০১৭ সালের পর থেকে তেমন প্রকাশ্যে আসেননি। খানিকটা নিভৃতে নিজের দাতব্য এবং ব্যাবসায়িক প্রতিষ্ঠানগুলোতে বেশি সময় দিচ্ছেন তিনি। —বিবিসি
