ডাকসুর ভিপির গায়ে হাত তোলা ছাত্রসমাজের জন্য কলঙ্ক :তোফায়েল

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৯, ২২:২৬

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ এমপি ডাকসুর ভিপি নুরুল হক নুরের ওপর হামলার ব্যাপারে বলেন, এটা অন্যায় ও অগ্রহণযোগ্য। যারা এই ঘটনার সঙ্গে জড়িত, প্রধানমন্ত্রীর নির্দেশ দিয়েছেন নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাদের বিচারের আওতায় আনতে। ডাকসুর ভিপির গায়ে হাত তোলা সমস্ত ছাত্রসমাজের জন্য কলঙ্ক। তিনি বলেন, আমরা যখন ছাত্ররাজনীতি করতাম তখন আমাদের মত ও পথের ভিন্নতা ছিল। তারপরেও আমরা এক টেবিলে বসে ’৬৯ সালের ৪ জানুয়ারি ১১ দফা কর্মসূচি প্রণয়ন করেছিলাম।

গতকাল মঙ্গলবার দুপুরে ভোলার উপশহর বাংলাবাজারে এনআরবিসি ব্যাংকের ৭৪তম শাখার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিজয়ের মাসে গণতন্ত্র হত্যাকারীরাই গণতন্ত্র হত্যা দিবস পালন করে। তাদের ধিক্কার দেওয়া ছাড়া আর কিছু করার নেই। যেই দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সেনাবাহিনীর প্রধান হিসাবে রাষ্ট্রপতি হয়েছে, তারা করছে গণতন্ত্র হত্যা দিবস। অথচ তারা গত বছরের ৩০ ডিসেম্বর সংসদ নির্বাচনে অংশ নিয়ে ছয়টি আসন পেয়েছে।

সাবেক এই মন্ত্রী আরো বলেন, ডাকসুর ভিপি যখন কেউ হয়, সে তখন সবার নির্বাচিত নেতা। সেই ডাকসু অফিসে ঢুকে নুরের ওপর যেভাবে নির্যাতন করা হয়েছে এটা অমানবিক। আমাদের ছাত্রজীবনে এমন করে এনএসএফ ডাকসু অফিসে আক্রমণ করেছিল। কিন্তু সেই আইয়ুব খান-এনএসএফর পতন হয়েছে। সেই শিক্ষা কেউ গ্রহণ করে না।

ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমালের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ব্যাংকের পরিচালক মোস্তাফিজুর রহমান, ড. নুরনবী, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, পুলিশ সুপার সরকার মো. কায়সার ও জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব প্রমুখ।