রাজধানীর সরকারি হাইস্কুল

প্রথম শ্রেণির ভর্তি লটারিতে নির্বাচিত ১২৬০ জন

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৯, ০০:৪৩

রাজধানীর সরকারি হাইস্কুলের প্রথম শ্রেণির ভর্তির লটারি সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার স্ব স্ব স্কুলে আয়োজিত লটারিতে ১ হাজার ২৬০ শিশুকে ভর্তির জন্য নির্বাচিত করা হয়। এছাড়া সারাদেশের যেসব সরকারি হাইস্কুল রয়েছে, সেসবের প্রথম শ্রেণিতেও গতকাল ভর্তির লটারি সম্পন্ন হয়েছে। চলতি বছর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে (হাইস্কুল) প্রায় ৬০ হাজার আসন শূন্য রয়েছে। প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত সারাদেশের প্রায় ৪০০ হাইস্কুলে এসব আসন রয়েছে। এর মধ্যে রাজধানীতে রয়েছে ৪২টি সরকারি হাইস্কুল।

রাজধানীর ৪২ সরকারি হাইস্কুলের মধ্যে প্রথম শ্রেণি রয়েছে ১৪টি স্কুলে। আর এতে এবার আসন সংখ্যা ১ হাজার ২৬০টি। এসব আসনে ভর্তির জন্য ২০ হাজার ৩৬৮টি আবেদন জমা পড়েছে। তাদের মধ্য থেকে শিক্ষার্থী নির্বাচনের জন্য গতকাল ভর্তি লটারি অনুষ্ঠিত হয়। আর সারাদেশের ৩৫৮টি বিদ্যালয়ে প্রথম শ্রেণির ভর্তিতে ২ হাজার ৩২৮টি আসনের বিপরীতে ৩৬ হাজার ২৪২টি আবেদন জমা পড়ে।

বেসরকারি স্কুলেও ভর্তির লটারি: এদিকে সরকারি হাইস্কুলের লটারির সঙ্গে মিলিয়ে বেসরকারি অনেক নামিদামি স্কুলও গতকাল প্রথম শ্রেণিতে ভর্তির লটারি সম্পন্ন করেছে। গতকাল রাজধানীর ডেমরার সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের ভর্তির লটারি সম্পন্ন হয়। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার সারমিনা সাত্তার, প্রতিষ্ঠান প্রধান প্রিন্সিপাল মো. মাহবুবুর রহমান মোল্লা, প্রতিষ্ঠানের গভর্নিং বডির চেয়ারম্যান আলহাজ মাহফুজুর রহমান মোল্লা শ্যামল প্রমুখ। উপস্থিত সবার সামনে লটারি প্রক্রিয়ায় ৪০০ শিক্ষার্থী ভর্তির জন্য নির্বাচিত হয়। দ্বিতীয় থেকে ৬ষ্ঠ শ্রেণি পর্যন্ত ভর্তি পরীক্ষা আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।