সোলসার ম্যানইউ’র ভারপ্রাপ্ত কোচ

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৮, ২১:১৪

  স্পোর্টস ডেস্ক

হোসে মরিনহোকে বরখাস্তের ২৪ ঘণ্টার মধ্যেই ক্লাবের সাবেক স্ট্রাইকার উলে গুনার সোলসকারকে মৌসুমের শেষ পর্যন্ত কোচের দায়িত্ব দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।

যদিও আনুষ্ঠানিক ঘোষণার আগেই নরওয়ের এ কোচের কথা ভুলক্রমে ম্যানইউ’র ওয়েবসাইটে দেয়ার কারণে জানাজানি হয়ে গিয়েছিল। বর্তমানে ৪৫ বছর বয়সী সোলসকার এ ঘোষণার আগ পর্যন্ত নরওয়ের ক্লাব মোলডের দায়িত্বে ছিলেন। ২০২১ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ তিনি। ক্লাবটি জানিয়েছে তারা সোলসকারকে ২০১৯ সালের মে পর্যন্ত ম্যানইউকে ধার দিয়েছেন।

সোলসকারের প্রথম ম্যাচ তার আরেক সাবেক ক্লাব কার্ডিফের মাঠে। দায়িত্বটি পাওয়ার পর এ নরওয়েজীয়ান বলেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেড আমার হূদয়ে এবং এ ভূমিকায় ফিরে আসতে পারা দুর্দান্ত ব্যাপার। আমি সত্যি মুখিয়ে আছি আমাদের খুবই মেধাবী দলটি, স্টাফ ও ক্লাবের প্রত্যেকের সাথে কাজ করার জন্য।’ গতকালই তার কাজে যোগদানের কথা। ১৯৯৬ থেকে ২০০৭ সাল পর্যন্ত ম্যানইউতে খেলে ছয়টি প্রিমিয়ার লিগ ও একবার চ্যাম্পিয়ন্স লিগসহ অনেক শিরোপা জিতেছেন সোলসকার। ১৯৯৮-৯৯ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে তার জয়সূচক গোলেই ফাইনালে বায়ার্ন মিউনিখকে ২-১ গোলে হারিয়েছিল ইউনাইটেড।

প্রিমিয়ার লিগে ১১ মৌসুম খেলে ইউনাইটেডের হয়ে সব প্রতিযোগিতায় ৩৬৬ ম্যাচে ১২৬ গোল করেন তিনি। ২০০৭ সালে অবসর নেওয়ার পরের তিন বছর ইউনাইটেডের রিজার্ভ টিমের কোচিং করান সোলসার। এরপর ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত মোলডের দায়িত্বে ছিলেন তিনি। মাঝে এক বছর ছিলেন কার্ডিফ সিটির কোচ। ২০১৫ সালে আবার দায়িত্ব নেন মোলডের।