ফেডকাপের ফাইনালের উত্তেজনা আজো

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৮, ২১:১৬

স্পোর্টস রিপোর্টার

ফেডারেশন কাপ ফুটবলের ফাইনালে যেসব উত্তেজনার ঘটনা ঘটেছিল তা এখনো ভুলে যায়নি যারা বঙ্গবন্ধু স্টেডিয়ামে নিয়মিত ফুটবল খেলা দেখেন। আবাহনী ও বসুন্ধরার খেলায় অনেক অঘটন ছিল। গোল লালকার্ড ফাউল, শেষ পর্যন্ত খেলোয়াড় বহিষ্কার, অর্থ জরিমানা হয়। এখনো একাধিক ফুটবলার বহিষ্কারের কারণে মাঠের বাইরে রয়েছেন। ফেডকাপের ঘটনাবহুল সেই ফাইনালের আবাহনী ও বসুন্ধরা আজ স্বাধীনতা কাপের সেমিফাইনালে মুখোমুখি হবে।

দর্শকও মনে করছে আজ ফাইনালের মতোই উত্তেজনা থাকবে। আবাহনী জানিয়েছে তারা নতুন একটি খেলা খেলতে যাচ্ছে। কিভাবে ফাইনালের টিকিট পাওয়া যাবে তা নিয়ে তাদের ভাবনা। চোখ ফাইনালে। অন্য কিছু ভেবে সময় নষ্ট করার সুযোগ নেই বলে খেলোয়াড়দের মানসিকভাবে ফাইনালের জন্য প্রস্তুত করা হয়েছে।

বসুন্ধরার স্প্যানিশ কোচ অস্কার ব্রুজেন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তারা যেভাবে ভালো খেলে আসছেন সেই ধারাবাহিকতা বজায় রেখে আজকের সেমিফাইনাল খেলতে চান। বলেছেন, ‘আমরা ট্রফি জয় করতে চাই। তাই আজকের সেমিফাইনাল টপকে যাওয়ার জন্য সব মন্ত্রই আমরা কাজে লাগাব।’