পবিপ্রবিতে ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৯, ১০:৫১

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে ঐতিহ্যবাহী জাতীয় দৈনিক ইত্তেফাকের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টায় প্রেসক্লাব মিলায়তনে ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত "বাংলাদেশের স্বাধীনতায় ইত্তেফাক ও মানিক মিয়ার অনন্য অবদান" শীর্ষক আলোচনা সভায় টেলিকনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও দুমকি উপজেলা বাস্তবায়ন কমিটির তৎকালীন আহ্বায়ক, কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক ও দুমকি উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুন-অর-রশীদ হাওলাদার।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "ইত্তেফাক ছিল মহান মুক্তিযুদ্ধের মুখপত্র। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে প্রথিতযশা সাংবাদিক তাফজ্জল হোসেন মানিক মিয়ার ছিল আত্মিক সম্পর্ক। জেল, জুলুম, অত্যাচার ও নিপীড়ন উপেক্ষা করে মানিক মিয়া ও ইত্তেফাক যেভাবে লেখনীর মাধ্যমে মুক্তকামী বাঙালীর অধিকার আদায়ে লড়াই করেছেন তা বিশ্ব ইতিহাসে বিরল দৃষ্টান্ত হয়ে থাকবে।"

পরে কেক কেটে ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান উদ্ভোধন করেন সিনিয় সাংবাদিক, দৈনিক সাথী পত্রিকার সম্পাদক ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এইচএম আনোয়ার হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির সভাপতি রেজওয়ানা হিমেল, বাধন সভাপতি ও হল কৃষির উদ্যোক্ত সোহানুর রহমান, ট্রাভেলারস সোসাইটির সভাপতি আবিদুর রহমান আবিদ, বন্ধুসভার সভাপতি রেজাউল ইসলাম রেজা, সিএসই ক্লাবের ওয়ার্কশপ ও সেমিনার কমিটির আহ্বায়ক আব্দুল্লাহ আল কাওছারসহ বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা পরিষদের সদস্য সৈয়দ ফজলুল হক, জাসদ নেতা আনোয়ারুজ্জমান চুন্নু, সিনিয়র সাংবাদিক জাকির হোসেন হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম জীবন, মহিলা পরিষদের দুমকি উপজেলার সভাপতি তাহেরা আলী রুমা প্রমুখ। এসময় পবিপ্রবি ও দুমকি উপজেলায় কর্মরত বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/আরকেজি