ফুলবাড়ীয়ায় সংরক্ষিত বনে প্রায় সাড়ে ৩শ বানর রয়েছে। চলমান শৈত্যপ্রবাহে তারা কাতর। শীত থেকে রক্ষা পেতে রোদ পোহানোর জন্য খোলা মাঠে তাদের দলবদ্ধভাবে দেখা যাচ্ছে।
সন্তোষপুর বনবিট কর্মকর্তা আশরাফুল আলম জানান, সারাদেশে শৈত্যপ্রবাহ চলছে। মানুষসহ পশুপাখি শীতে জড়সর। ফুলবাড়ীয়া উপজেলার সন্তোষপুর বনাঞ্চলে প্রায় সাড়ে ৩শ বানর রয়েছে। তাদের ওপর পড়েছে শৈত্যপ্রবাহের প্রভাব। তাদের প্রায়ই রোদের আশায় দলবেঁধে খোলা মাঠে দেখা যাচ্ছে।
এলাকাবাসী জানান, বন উজারের সঙ্গে সঙ্গে খাদ্য সংকট দেখা দিয়েছে। বন বিভাগের দেয়া চাল এক সময় বানরগুলোর ক্ষুধা মিটানোর একমাত্র উপায় ছিল। সড়ক যোগাযোগ ভালো হওয়ায় পর ৫/৬ বছর ধরে বানর দেখতে বনে ভীড় করছেন দর্শনার্থীরা। বর্তমানে সন্তোষপুর বনে ৭/৮টি দোকান রয়েছে। দোকানগুলোতে খই-মুড়ি, বাদাম ও কলাসহ বানরের পছন্দের খাবার রাখায় দর্শনাথীরা বানরগুলোকে কাছে পাওয়ার আশায় কিনে দিয়ে থাকেন।
বনে দোকান করা মকবুল জানান, শীত বেশি থাকায় সহজেই কেউ আর বনে বানর দেখার জন্য আসে না। দর্শনার্থী না থাকলে বানরগুলো খাবার সংকটে পড়েছে। এদিকে তাদের ওপর পড়েছে শৈত্যপ্রবাহের প্রভাব। খাবার আর রোদের আশায় তাদের লোকালয়ে দেখা যাচ্ছে।
ইত্তেফাক/আরকেজি
