মতলবে ডোবা থেকে শিশুর লাশ উদ্ধার, আটক ২

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৯, ২১:১৮

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় তাওহিদুল ইসলাম নামে আড়াই বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকালে উপজেলার নাউজান গ্রামের ফজলু ডাক্তারের বাড়ির ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। শিশুটি ওই গ্রামের কামরুল ইসলামের ছেলে। এ ঘটনায় জড়িত সন্দেহে শিশুটির সৎ দাদী জাহেদা বেগম (৪০) ও সৎ ফুফু লাকি আক্তারকে (২৫) আটক করা হয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, কামরুল ইসলামের স্ত্রী সাহেদা জামান ঐদিন হাসপাতালে চিকিৎসাধীন বড় ছেলের কাছে মেঝ ছেলেকে জিনিসপত্রসহ পাঠানোর জন্য বাড়ির অদূরে এগিয়ে দিতে যায়। পরে বাড়িতে ফিরে তাওহিদুল ইসলামকে দেখতে না পেয়ে তার মা বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজি করে। ছেলেকে না পেয়ে চিৎকার দিলে বাড়ির আশেপাশের লোকজনও তাকে খোঁজতে থাকে। এরপর গ্রামবাসীরা বাড়ির পাশে ডোবায় অর্ধ কাদামাটি ও পানির মাঝে তার ছেলের লাশটি দেখতে পায়। পরে থানা পুলিশকে খবর দিলে ডোবা থেকে লাশ উদ্ধার করে। এ ঘটনায় জড়িত সন্দেহে শিশুটির সৎ দাদী জাহেদা ও সৎ ফুফু লাকিকে আটক করে নিয়ে থানায় নিয়ে যায় পুলিশ। 

আরও পড়ুন: রাজশাহীর পদ্মা নদী থেকে বালু উত্তোলনের প্রতিবাদ
    
শিশুটির মামা কুতুব উদ্দিন নোমান বলেন, ‘গত তিন আগে (রবিবার রাত ৮টায়) আমার ভগ্নিপতি কামরুল ইসলামের সাথে তার সৎ ভাই নূরে আলম (২৭) ও জানে আলম (২২) এর জমি সংক্রান্ত বিরোধ নিয়ে ঝগড়া বিবাদ হয়। ঝগড়ার সময় সৎ ভাইয়েরা তাদের পরিবারকে নিঃশেষ করে ফেলবে এবং দুইজনকে মেরেছি বাকীদেরকেও মারবে
হুমকি দেয়। এ ঘটনায় আমার ভগ্নিপতি কামরুল ইসলাম, ভাগিনা সিদরাতুল ইসলাম (১৪) ও আমার বোন সাহেদা জামান (৩০) আহত হয়। বর্তমানে আমার ভগ্নীপতি ও ভাগিনা চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।’

ওসি স্বপন কুমার আইচ বলেন, ‘ডোবা থেকে শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির ফুফু ও দাদীকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’


ইত্তেফাক/এএএম