রাঙ্গুনিয়ায় বন্যহাতির আক্রমণে নিহত এক

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৯, ২১:২৫

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কোদালা ইউনিয়নের দক্ষিণ পাড়ায় বন্যহাতির আক্রমণে আহমদ হোসেন কালু (৭১) নামের একজন নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে বন্যহাতির একটি দল কোদালা চা বাগান এলাকার বনাঞ্চল ছেড়ে লোকালয়ে নেমে আসে। নিকটস্থ কলাবাগানে হাতির দল তাণ্ডব চালায়। হাতির দল জনপদে ছুটে আসে। এসময় লোকজন ভয়ে ছুটাছুটি করতে থাকে। একপর্যায়ে একটি হাতি ঐ ব্যক্তিকে শুঁড় দিয়ে তুলে আছড়িয়ে এবং পিষ্ট করে হত্যা করে। রাঙ্গুনিয়া বনরেঞ্জ কর্মকর্তা প্রহলাদ চন্দ্র রায় বলেন, উপজেলার পাহাড়ি এলাকায় ইদানীং বন্যহাতির উত্পাত বেড়েছে। হাতির আক্রমণে নিহত ব্যক্তির পরিবারকে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে।