হাফিজকে ইসিবির নিষেধাজ্ঞা

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৯, ২১:৩০

স্পোর্টস ডেস্ক

আবারও নিষিদ্ধ হল মোহাম্মদ হাফিজের বোলিং অ্যাকশন। এবার তিনি নিষেধাজ্ঞা পেলেন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস (ইসিবি) ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে। এখন থেকে ইংলিশ কাউন্টি-সহ দেশটির ঘরোয়া যেকোনো আসরে আর বোলিং করতে পারবেন না পাকিস্তানের এই অলরাউন্ডার। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইসিবি এই খবর নিশ্চিত করেছে।

ঘটনার সূত্রপাত গেল জুলাই মাসে। সেবার ভাইটালিটি ব্লাস্ট টুর্নামেন্টে মিডলসেক্সের হয়ে হাফিজ খেলতে নেমেছিলেন এবি ডি ভিলিয়ার্সের বদলি হিসেবে। এরপর ৩০ আগস্ট সামারসেটের বিপক্ষে একটি ম্যাচে তার বোলিং নিয়ে সন্দেহ জানান ম্যাচ অফিশিয়ালরা।

সেই অভিযোগকে আমলে নেয় ইসিবি। লাফবারো বিশ্ববিদ্যালয়ে ল্যাব টেস্টে তার অ্যাকশনের পরীক্ষাও করানো হয়। সেখান থেকেই আসে দুঃসংবাদ। অ্যাকশনে অসঙ্গতি দেখা যায়। আর পরীক্ষায় পাওয়া ফলাফলের ভিত্তিতে অ্যাকশন বৈধ না হওয়াতে তাকে ইংল্যান্ডের সব ধরনের প্রতিযোগিতায় নিষিদ্ধ করেছে ইসিবি। এখন থেকে তাই ইংল্যান্ডের যেকোনো টুর্নামেন্টে হাফিজের খেলা নিয়ে কোনো আপত্তি না থাকলেও, তিনি আর বোলিং করতে পারবেন না।

অবশ্য হাফিজ পুরোপুরি সন্তুষ্ট ছিলেন না সেই ল্যাব প্রতিবেদনে। সেখানে দেখা যায় অফ ব্রেক বোলিংয়ের সময় তার কনুই ১৫ ডিগ্রির চেয়ে বেশি ভাঙে। প্রতিবেদন প্রত্যাখ্যান করে আপিল করেন হাফিজ। যদিও তাতেও শেষ রক্ষা হয়নি। ইসিবির রিভিউ কমিটিও ল্যাব প্রতিবেদনের পক্ষেই রায় দিয়েছে। ফলে, নিষিদ্ধ হতেই হচ্ছে হাফিজকে।

২০০৫ সালে প্রথমবারের মতো বোলিং অ্যাকশনের জন্য নিষিদ্ধ হন। এরপর পুরো ক্যারিয়ারজুড়ে অনেকবারই অবৈধ বোলিং অ্যাকশনের জের ধরে এই অফস্পিনার নিষেধাজ্ঞার মুখে পড়েছেন, আবার অ্যাকশন পাল্টে ফিরেও এসেছেন। সর্বশেষ নিষেধাজ্ঞা শেষে বোলিং শুরু করেন ২০১৮ সালের মে মাসে। তবে একই বছরের নভেম্বরে তার অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠে আবার। যদিও এবার কিউই ব্যাটসম্যান রস টেলর সন্দেহ প্রকাশ করেন, তবে আম্পায়াররা সেই অভিযোগ আমলে নেননি।