স্পোর্টস রিপোর্টার
আবাহনীর দুই ফুটবলার রায়হান হাসান ও সোহেল রানা এবং শেখ রাসেল ক্রীড়া চক্রের সোহেল রানা। এই তিন ফুটবলার এখন আবাহনীতে। এদের তিন জনের বিরুদ্ধে শেখ রাসেল অভিযোগ এনেছিল যে, তারা নতুন মৌসুমে জন্য শেখ রাসেলে খেলবে বলে শেখ রাসেলের কাছ থেকে আগাম পারিশ্রমিক নিয়ে আবাহনীতে যোগ দিয়েছে। এমন অভিযোগ আর খেলোয়াড়দের পালটা অভিযোগে ফুটবল অঙ্গন উত্তপ্ত। আদালত পাড়ার নতুন খবর হচ্ছে ‘বিতর্কিত’ তিন ফুটবলার নিয়েই আজ আরামবাগের বিপক্ষে মাঠে নামতে পারবে আবাহনী। রায়হান হাসান এবং দুই সোহেল রানার বিষয়ে আদালত হতে যে কপি বাফুফেতে এসেছিল তার বিপক্ষেও আরেকটি স্থগিতাদেশ এসেছে। জানা গেছে, মঙ্গলবার আরেকটি স্থগিতাদেশ হয়েছে। আবাহনীর ফুটবল ম্যানেজার সত্যজিত দাস রুপু ‘বিতর্কিত’ তিন ফুটবলার প্রসঙ্গে জানিয়েছেন ওরা খেলতে পারবে। রুপু বলেন, ‘আদালত স্থগিতাদেশ দিয়েছেন। আমাদের ফুটবলাররা খেলতে পারবেন।’ বাফুফের একটি সূত্রের দাবি তারাও শুনেছেন নতুন একটি স্থগিতাদেশ হয়েছে। বাফুফের হাতে সেটি আসেনি। আদালতের কাগজ পেলে সঠিকভাবে বলা যাবে।
ফেডারেশন কাপ ফুটবলে ‘এ’ গ্রুপে খেলছে আবাহনী, আরামবাগ, পুলিশ। প্রথম নিজেদের ম্যাচে আবাহনী ৪-০ গোলে হারিয়েছে পুলিশকে। আবাহনীর রায়হান এবং সোহেল রানা একাদশে খেলেছে। শেখ রাসেল হতে আসা সোহেল রানা শেষ ১৫ মিনিট খেলেছেন। আবাহনীর ‘বিতর্কিত’ ফুটবলারদের অন্যতম শেখ রাসেল হতে আবাহনীতে যোগ দেওয়া সোহেল রানা জানিয়েছেন তারাও একটা নতুন আদেশ পেয়েছেন। আজ আরামবাগের বিপক্ষে খেলতে পারবেন। সোহেল রানা বললেন, ‘আদালতের বিষয়টি নিয়ে আমরা অনেক বিব্রত। আমরা কোনো দোষ না করলেও দোষী বানানো হচ্ছে। সঠিক বিষয়টি উন্মোচিত হলেই আমরা খুশি। এটা একটা টেনশন তৈরি করছে।’ গত বছর নভেম্বরে সোহেল রানা সড়ক দুর্ঘটনায় তার স্ত্রী আফরিন, ৩ বছরের পুত্র সন্তান আব্দুল্লাহকে হারিয়েছেন। এতো বড়ো একটি দুর্ঘটনার পরও এই খেলোয়াড় এখনো ফুটবল খেলছেন। মানসিকভাবে আঘাতপ্রাপ্ত সোহেল রানা তার মনের মধ্যে কষ্টের কুন্ডলী চেপে রেখে ফুটবল খেলছেন। স্ত্রী চাইতেন সোহেল রানা ফুটবল খেলুক জাতীয় দলে জায়গা পাক। সোহেল রানা বললেন, ‘জীবনের সঙ্গে লড়াই করে ফুটবল মাঠে আছি। দেশের ফুটবলের জন্য কিছু করতে পারলে মনটাকে বুঝাতে পারতাম।’
আজ বিকাল ৪টায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে আরামবাগের বিপক্ষে ড্র হলে আবাহনী গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে উঠবে। হেরে গেলেও সুযোগ থাকবে, গোল গড়ের হিসাব উঠবে। আজ আবাহনী ও আরামবাগ ড্র হলে পুলিশ ফুটবল ক্লাবও কোয়ার্টার ফাইনালে উঠবে।
গতকাল বিকালে আবাহনীর অনুশীলন শেষে ক্লাবের বোর্ড রুমে পর্তুগীজ কোচ মারিও লেমন এবং দলের খ্রিষ্টান ধর্মাবলম্বী চার ফুটবলারকে নিয়ে বড়দিনের কেক কাটেন সবাই।
