স্পোর্টস রিপোর্টার
প্রিমিয়ার ফুটবল লিগ মাঠে গড়াবে জানুয়ারির শেষ সপ্তাহে। ২৯ বা ৩০ জানুয়ারি মাঠে গড়াবে লিগ। লিগের তারিখ একরকম চূড়ান্তই বলায় যায়। আর যদি কোনো কারণে এই তারিখে শুরু নাও হয় এক বা দুই দিন পেছাতে পারে। আনুষ্ঠানিকভাবে লিগ শুরু করার তারিখ ঘোষণা করা হয়নি। তবে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেছেন, ‘প্রিমিয়ার ফুটবল লিগ শুরু হবে ২৯ বা ৩০ জানুয়ারি। আর বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুুটবল মাঠে গড়াবে ১৫ জানুয়ারি। শেষ হবে ২৫ জানুয়ারি। চার দিন সময় হাতে। এরপরই প্রিমিয়ার লিগ। সময়টা কম বলে লিগটা এক-দুই দিন পিছিয়েও যেতে পারে। কারণ লম্বা লিগে মাঠে নামার পর বিশ্রাম থাকবে না। জাতীয় দলের খেলা শেষে একটু হালকাভাবে ক্লাব ফুটবলের অনুশীলন শুরু করতে চায় ক্লাবগুলো। এর মধ্যে লিগের ভেন্যুগুলো চূড়ান্ত হয়ে যাবে বলে মনে করছে বাফুফে।
গতকাল সন্ধ্যায় বাফুফের সাধারণ সম্পাদক সোহাগ বলেছেন,‘ বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল খেলা হবে ঢাকায়, বঙ্গবন্ধু স্টেডিয়ামে। ঢাকার বাইরে খেলা হবে না।’ ২০১৮ সালের অক্টোবরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের খেলা হয়েছিল সিলেট, কক্সবাজারে, ফাইনাল ঢাকায় হয়েছিল।
আগামী ৪ জানুয়ারি বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের ড্র অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের ষষ্ঠ আসর আকর্ষণীয় করতে নানা উদ্যোগ নিচ্ছে বাফুফে। উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে নানা আয়োজন করার পরিকল্পনা করা হচ্ছে বিদেশি ফুটবলার এনে আলো ছড়াতে চায় ফেডারেশন। কারা অংশগ্রহণ করবে তাও প্রায় নিশ্চিত, তবে বিশ্বকাপ ফুটবলে এশিয়ার বড়ো সব দেশই খেলছে। তাই এই টুর্নামেন্টে বিভিন্ন দেশের আগ্রহ থাকলেও সিডিউল না মেলাতে পেরে আসতে পারছে না। এশিয়ার ৪০ দেশ ২০২২ কাতার বিশ্বকাপ এবং ২০২৩ এশিয়ান কাপ ফুটবলের বাছাইয়ে খেলছে। এই ৪০ দেশ হতে কোনো দেশই নিজেদের গুরুত্বপূর্ণ খেলা রেখে বাংলাদেশের বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলে খেলতে পারছে না। কিছু দেশের আগ্রহ থাকলেও খেলতে গেলে অনেক চাপ পড়ে যাবে খেলোয়াড়দের ওপর। তাই ঝুঁকি নিতেও পারছে না তারা।
প্রতি বছর বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল আয়োজনের পরিকল্পনা থাকলেও চলতি বছর সেটি হয়নি। তাই আগামী জানুয়ারিতে টুর্নামেন্ট আয়োজনে মরিয়া বাফুফে। ৫ জানুয়ারি ফেডারেশন কাপের ফাইনাল। তার আগের দিন দুপুরে প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলে ড্র অনুষ্ঠান।
টুর্নামেন্টে নামার আগেই জাতীয় ফুটবল দল ১০ দিনের অনুশীলন করবে। ৫ জানুয়ারি ফেডকাপের ফাইনালের পরেই জাতীয় দলের অনুশীলন শুরু হয়ে যাবে। বঙ্গবন্ধু গোল্ডকাপের প্রস্তুতি শুরু করতে আগামী সপ্তাহে বাংলাদেশ ফুটবল দলের ইংলিশ কোচ জেমি ডে ঢাকায় আসবেন বলে জানিয়েছে বাফুফে।
