জীবনের শেষ দিন পর্যন্ত মানুষের সেবা করে যাব: তোফায়েল

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৯, ২১:৫৭

ভোলা প্রতিনিধি

সাবেক বাণিজ্যমন্ত্রী ভোলা সদর-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেন, আজ আমার মায়ের ১৩তম মৃত্যুবার্ষিকী। আমার মায়ের দোয়ায় আল্লাহ আমার সব আশা-আকাঙ্ক্ষা পূর্ণ করেছেন। আমার মা মৃত্যুর পূর্ব মুহূর্তে আমাকে বলেছেন, আমি তোমাকে আল্লাহর কাছে রেখে গেলাম। আমি জীবনে বহুবার এমপি নির্বাচিত হয়েছি, কয়েক বার বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী হয়ে দায়িত্ব পালন করেছি। আমি কারো সঙ্গে বেঈমানী করি নাই। জীবনের শেষ দিন পর্যন্ত দেশের মানুষের সেবা করে যেতে চাই। ২৫ ডিসেম্বর বুধবার দুপুরে ভোলা সদরের দক্ষিণ দিঘলদীর কোড়ালিয়া গ্রামের নিজ বাস ভবনে মায়ের মৃত্যু দিবসে তিনি এ কথা বলেন। তোফায়েল আহমেদ স্মৃতিচারণ করে বলেন, আমার গ্রামের অনেক পরিবার আমাদের চেয়ে অনেক ভালো ছিল। আমি খালি পায়ে হেঁটে স্কুলে গিয়েছি, মানুষের বাসায় লজিং থেকে পড়ালেখা করেছি।। কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ঠিকমত বাবা খরচ চালাতে পারেনি। আজ যারা পড়ালেখা করছে, তাদের পিছনে অনেক খরচ দিতে হয়। এই গ্রাম একদিন অন্ধকারে ছিল। রাস্তাঘাট, কালভার্ট, বিদ্যুত্, পুল, ব্রিজ, স্কুলকলেজ বলতে কিছুই ছিল না। আমি এখানে সব কিছুই করে দিয়েছি। আমার এলাকার মানুষ সবাই এক ও অভিন্ন। তারা ভাবে, আমার কাছে আসলেই সব কিছুর সমাধান হবে। কিন্তু সবার আবদার আমি রক্ষা করতে পারি না।

অনেককে চাকরি, ব্যবসাসহ নানানভাবে সহযোগিতা করেছি। আজ তারা পরিবার-পরিজন নিয়ে সুখে আছে। আমার একটি ফাউন্ডেশন আছে। মসজিদ, স্কুল-কলেজ, বৃদ্ধাশ্রম, হাসপাতাল, স্বাধীনতা যাদুঘরসহ আমার যা কিছু আছে সব কিছুই ফাউন্ডেশনের নামে লিখে দিয়ে যাব। আজ মায়ের ১৩তম মৃত্যু দিবসে ৮ হাজার মানুষের খাবারের ব্যবস্থা রয়েছে, সবাই খেয়ে যাবেন। আমার বাবা-মায়ের জন্য দোয়া করবেন এবং আমি যেন ইজ্জত ও ঈমানের সঙ্গে মৃত্যুবরণ করতে পারি সেজন্যও আমাকে দোয়া করবেন।