সৈয়দ আবদুল ওয়াজেদ, চট্টগ্রাম অফিস
দেশের ঐতিহ্য ও আধুনিকতায় সকল শ্রেণির পাঠকের আস্থার গণমাধ্যম দৈনিক ইত্তেফাকের ৬৭ বছর পদার্পণে চট্টগ্রামে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকী-২০১৯ এর অনুষ্ঠানের বিবরণ চট্টগ্রামের সংবাদপত্রগুলো গুরুত্বের সাথে গতকাল বুধবার প্রকাশ করেছে। এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে। চট্টগ্রামের প্রাচীনতম সংবাদপত্র দৈনিক আজাদী, দৈনিক পূর্বকোণ, দৈনিক পূর্বদেশ, দৈনিক সুপ্রভাত বাংলাদেশ, দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চসহ সকল সংবাদপত্রে ছবিসহ সংবাদটি প্রকাশ করে।
অনুষ্ঠান শুরু হয় মঙ্গলবার সকাল ১০টায়। ফুল হাতে নগরীর গণমাধ্যম, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক মহলের সর্বস্তরের নেতা-কর্মী, সুধীজন, শুভানুধ্যায়ী অনুষ্ঠানস্থলে এসে সব আনুষ্ঠানিকতায় অংশ নেন। শুভেচ্ছার ফুলে ফুলে ছেয়ে যায় ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানস্থল। তবুও যেন শুভেচ্ছা জানাতে আসা মানুষের ঢল থামে না। অপরাহ্নে নির্ধারিত সময়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষ হলেও ফুল হাতে ইত্তেফাককে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও সুধীজন ইত্তেফাক চট্টগ্রাম ব্যুরো অফিসে এসে সমবেত হতে থাকেন। সর্বশেষ ফুলেল শুভেচ্ছা জানিয়ে যায় চট্টগ্রাম সাহিত্য পরিষদের নেতৃবৃন্দ এবং খাতুনগঞ্জের মেসার্স কাউসার এন্ড ব্রাদার্সের স্বত্বাধিকারী মো. জয়নাল আবেদীন।
