বরিশাল প্রেসক্লাব নির্বাচন
বরিশাল অফিস
ঐতিহ্যবাহী শহিদ আব্দুর বর সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি পদে অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল ও সাধারণ সম্পাদক পদে এস এম জাকির হোসেন বিজয়ী হয়েছেন। বুধবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার এম এম আমজাদ হোসাইন জানান, মোট ৮১ জন ভোটারের মধ্যে ৭৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ৪৩ ভোট পেয়ে মানবেন্দ্র বটব্যাল সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এস এম ইকবাল পেয়েছেন ৩০ ভোট। সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন পেয়েছেন ৫০ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুরাদ আহম্মেদ পেয়েছেন ২২ ভোট ও শাহিনা আজমিন পেয়েছেন ১ ভোট। এছাড়াও সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন কাজী আল মামুন, তপঙ্কর চক্রবর্তী, সহসাধারণ সম্পাদক মিজানুর রহমান (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) কোষাধ্যক্ষ পদে মোশাররফ হোসেন, পাঠাগার সম্পাদক পদে মো. রুবেল খান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে সুখেন্দু এদবর, ক্রীড়া সম্পাদক পদে কে এম নয়ন, দপ্তর সম্পাদক পদে এম মোফাজ্জেল হোসেন নির্বাচিত হয়েছেন। সদস্য পদে মো. ইসমাইল হোসেন নেগাবান, কাজী মিরাজ মাহমুদ, সুমন চৌধুরী, নূরুল আলম ফরিদ, জাকির হোসেন, কাজী মেহেরুন্নেসা বেগম ও গিয়াস উদ্দিন সুমন নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, মঙ্গলবার বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে উত্সবমুখর পরিবেশে ক্লাবের তৃতীয় তলার হলরুমে বিরামহীনভাবে চলে ভোটগ্রহণ।
