চুরি ঠেকাতে ইউএনওর কাছে আবেদন, গ্রেফতার ১

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৯, ২২:০১

শাহজাদপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা

চুরি ঠেকাতে শাহজাদপুরের ব্যবসায়ীরা উপজেলা নির্বাহী অফিসারের দ্বারস্থ হওয়ার দুই দিনপর বুধবার মহল্লার কাজল (২৫) নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ। বাজারের সিসি ক্যামেরার ফুটেজ দেখে দ্বারিয়াপুর থেকে তাকে আটক করা হয়। এর আগে সোমবার শাহজাদপুর কাপড়ের হাটের বিভিন্ন দোকান, শোরুম ও আড়ত্ মালিকরা স্থানীয় উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত আবেদন করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, গত ৭ দিনে ১০টি দোকান ও আড়তে  চুরির ঘটনা ঘটে। এতে প্রায় কোটি টাকার মালামাল চুরি যায়। এর প্রতিকার চেয়ে চুরি ঠেকানোর ব্যবস্থা গ্রহণের জন্য শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. শামসুজ্জোহা বরাবর আবেদন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার বিষয়টি উদ্বেগ প্রকাশ করে বলেন, ব্যবস্থা নিতে বিষয়টি থানার ওসিকে জানিয়েছি। শাহজাদপুর থানার এস আই নূরুল ইসলাম বলেন, চুরির ঘটনার সাথে জড়িত থাকায় সিসি ক্যামেরায় দেখে এক যুবককে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন , চুরির সাথে আর কারা জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে।