আফিয়া খাতুন খঞ্জনী
বিজয়ের মাসেই না ফেরার দেশে চলে গেলেন একাত্তর সালে পাক হানাদার বাহিনীর কাছে নির্যাতিতা বীর নারী (বীরাঙ্গনা) আফিয়া খাতুন খঞ্জনী (৮০) সোমবার রাত ৯টায় কুমিল্লা নগরীর বাগিচাগাঁও এলাকায় তার মেয়ের বাসায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজিউন)। মঙ্গলবার দুপুরে জেলার চৌদ্দগ্রাম উপজেলার সোনাপুর নিজ গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ রানা, পুলিশ প্রশাসন ও স্থানীয় মুক্তিযোদ্ধাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এর আগে সকালে নগরীর বাগিচাগাঁও বড়ো মসজিদ প্রাঙ্গণে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই বীর নারীর মরদেহ জাতীয় পতাকায় ঢেকে দেওয়া হয় এবং প্রশাসন ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে তার প্রতি অন্তিম শ্রদ্ধা জানানো হয়।
