যশোরের চৌগাছায় বাবা মহিরউদ্দিন (৬৫) ও মা আয়না বেগমকে (৫৫) গলা কেটে হত্যা করেছে তাদের ছেলে মিলন হোসেন (২৫)। মহিরউদ্দিন উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের মৃত তোয়াক্কেল হোসেনের পুত্র। এ ঘটনায় স্থানীয়রা মিলনকে ধাওয়া করে বর্ণী গ্রাম থেকে আটক করে পুলিশে দিয়েছে। চৌগাছা থানার এসআই বিপ্লব ও এসআই বিকাশ তাকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন। বুধবার দুপুর ১২ টার দিকে এ ঘটনা ঘটে। দুপুর একটার দিকে হত্যাকারী মিলনকে জনতা আটক করে পুলিশে দেয়।
স্থানীয়রা জানান, নিহতদের বাড়ি গ্রামের অন্য বাড়িগুলো থেকে একটু দূরে এবং ফাঁকা জায়গায়। বুধবার বেলা ১২ টার দিকে ঐ বাড়ি থেকে চিত্কারের শব্দ পেয়ে স্থানীয়রা বাড়িতে গিয়ে মহিরউদ্দিন ও আয়না বেগমকে বাড়ির উঠানে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। একই সময়ে তাদের বড়ো ছেলে মিলনকে পালিয়ে যেতে দেখে। পরে দুপুর ১টার দিকে গ্রাম থেকে তিন-চার কিলোমিটার দূরে বর্ণী গ্রামের মাঠ থেকে তাকে আটক করে পুলিশে দিয়েছে।
স্থানীয় ইউপি সদস্য তারিক হাসান বাবুল বলেন, মোবাইল ফোনে সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে দেখি দুজনের ক্ষতবিক্ষত রক্তাক্ত লাশ পড়ে আছে। হত্যা করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সহযোগিতায় ঘাতক মিলনকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে। ইউপি সদস্য তারিক হাসানসহ এলাকার অনেকেই জানিয়েছেন মিলন আগে থেকেই মাদকাসক্ত ছিল।
প্রতিবেশীরা জানান, মিলন স্বাভাবিক চলাফেরার সময় সঙ্গে ধারাল দা রাখত। সে কয়েক বছর পূর্বে পবিত্র কুরআন শরিফে আগুন দিয়েছিল। সে প্রায়ই তার বাবা-মাকে মারধর করতো। এসব নিয়ে তাদের বাড়িতে ঝগড়াঝাটি লেগেই থাকত।
বাড়ি থেকে সামান্য দূরের বাসিন্দা জামেলা বেগম জানান, ঘটনার দিন সকালেও তাদের বাড়িতে বাপ-বেটার মধ্যে ঝগড়া চলছিল। তার কিছু সময় পরেই এ ঘটনা ঘটেছে।
মহির উদ্দীনের ভাই আজিজুর রহমান ও চাচা ইরাদ আলী জানান, এই ছেলের কারণেই পরিবারের অন্য কারোর সাথে সম্পর্ক নেই। এ কারণেই নিকট স্বজনদের থেকে দূরে মাঠের মধ্যে ফাঁকা জায়গায় বসবাস করছিল।
মহির উদ্দীনের ভাতিজা একরামুল বলেন, মিলনের ছোটো ভাই হুমায়ন বোনের বাড়ি ছিল। এ সুযোগে সে এভাবে বাবা-মাকে হত্যা করে পালিয়ে গেছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান তোতা মিয়া বলেন, শুনেছি ছেলেটি নেশা করে। সব সময় রিজার্ভ মুডে থাকত। সে এর আগে একই গ্রামের খাইরুল ইসলামকে কুপিয়ে হত্যার চেষ্টা করে। এ ঘটনায় জেলও খেটেছে।
চৌগাছা থানার ওসি রিফাত খান রাজীব বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার কথা স্বীকার করেছে। তিনি আরো জানান, আমি নিশ্চিত সে বিড়ি-সিগারেট ছাড়া অন্য কোনো নেশা করে না।
