মেয়র পদে কেউই মনোনয়ন নেননি

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৯, ২২:১৫

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচনে মেয়র পদে এখনো পর্যন্ত কেউই মনোনয়নপত্র সংগ্রহ করেনি। তবে দুই সিটির সংরক্ষিত কাউন্সিলর এবং সাধারণ কাউন্সিলর পদে বেশ কয়েকজন মনোনয়ন সংগ্রহ করেছেন। দুই নির্বাচনে কাউন্সিলর পদে ১৫৪ জন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার দুই রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেন।

ঢাকা উত্তর সিটিতে ৩৭ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে সাধারণ কাউন্সিলর পদে ৩৪ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৩ জন রয়েছেন। অপরদিকে ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে ১১৭ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন; যার মধ্যে সংরক্ষিত ওয়ার্ডে আট জন ও সাধারণ কাউন্সিলর পদে ১০৯ জন রয়েছেন।

উল্লেখ্য, গত রবিবার দুই সিটি নির্বাচনের তপশিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার। ঘোষিত তপশিল অনুযায়ী দলীয় প্রতীকে অনুষ্ঠিত এ নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন দাখিলের শেষ সময় ৩১ ডিসেম্বর পর্যন্ত। মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে ২ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহার ৫ জানুয়ারি। প্রতীক বরাদ্দ করা হবে ১০ জানুয়ারি। ভোট ৩০ জানুয়ারি।