রাস্তায় বিলবোর্ডে নয়, মানুষের মনের বোর্ডে জায়গা করে নেওয়ার জন্য বিভিন্ন দলের নেতাকর্মী, সংগঠন ও প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, এখন থেকে অনুমতি ছাড়া বিলবোর্ড বসিয়ে শহর নষ্ট করলে জরিমানা করা হবে। গতকাল বুধবার রাজধানীর মেরুল বাড্ডা ঢাকা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে সদ্য নির্বাচিত আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াকে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ কথা বলেন।
তিনি বলেন, বিলবোর্ড এবং পোস্টার লাগিয়ে শহর নষ্ট করবেন না। আমরা বিদেশ গেলে যত্রতত্র ময়লা আবর্জনা ফেলি না, দেশে আসলেই আমাদের আচরণ বদলে যায়। আমরা এখানে শহর নোংরা করার সাহস করি, কারণ জরিমানা নাই। বিদেশে বড়ো অঙ্কের জরিমানার ভয়ে কেউ ময়লা ফেলার সাহস করে না। আমাদেরকেও সে পথে চলতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগের নবনির্বাচিত দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া সম্পর্কে ডিএনসিসি মেয়র বলেন, মাত্র ৪৬ বছর বয়সেই তিনি এত সম্মানীয় পদে আসীন হয়েছেন। অথচ তিনি রাস্তায় রাস্তায় পোস্টার দেননি, বিল বোর্ড বসাননি। শহরের সৌন্দর্য নষ্ট করেননি। তবুও তিনি এই পদ পেয়েছেন কারণ তিনি মানুষের মন জয় করতে পেরেছেন। মানুষের মন জয় না করে বিলবোর্ড পোস্টার দিয়ে নেতা হওয়া যায় না।
মেয়র আরো বলেন, সিটিতে বিলবোর্ড অবৈধ না কিন্তু নিয়ম মেনে অনুমতি নিয়ে স্থাপন করতে হবে। তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উদাহরণ টেনে বলেন, প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে নগরীর কয়েকটি স্থানে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে বিলবোর্ড স্থাপন করার জন্য কাদের ভাই আমাকে ফোন করে সিটি করপোরেশনের অনুমতি নিয়েছেন। তিনি আইনের প্রতি সম্মান দেখিয়েছেন।
অনুষ্ঠানে বিপ্লব বড়ুয়া বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে তখনই দেশের উন্নতি হয়। আজকের যত উন্নয়ন, রাস্তাঘাট, মেট্রোরেল সবই আওয়ামী লীগ সরকারের অবদান। দেশের সকল মানুষ, বৈষম্যহীনভাবে, সমান অধিকার ও সুবিধা পায় সেদিকে নজর রাখে আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌন্দর্যই হচ্ছে দল মত জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়া।
বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সভাপতি দিব্যেন্দু বিকাশ চৌধুরী বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। আরো উপস্থিত ছিলেন ফেডারেশনের উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান বিশ্বপতি বড়ুয়া, বুদ্ধিস্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয় প্রমুখ।
