ট্রাম্প অযোগ্য, কংগ্রেসের উচিত অপসারণ করা

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৯, ০০:২৮

মার্কিন কংগ্রেসের সাবেক এক রিপাবলিকান সদস্য বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মানসিক, নৈতিক, বুদ্ধিবৃত্তিক এবং আবেগগতভাবে প্রেসিডেন্ট পদের জন্য অযোগ্য। এজন্য আগামী নির্বাচনে তিনি ডেমোক্র্যাট প্রার্থীকে ভোট দেওয়ার কথা ভাবছেন। সিএনএনের খবরে বলা হয়েছে, রিপাবলিকান কংগ্রেসম্যান ডেভ ট্রট চলতি বছরের শুরুর দিকে অবসরে যান। দ্য আটলান্টিককে এক নিবন্ধে তিনি বলেছেন, প্রতিনিধি পরিষদে ট্রাম্প অভিশংসিত হয়েছেন। সিনেটের উচিত তাকে পদ থেকে সরিয়ে দেওয়া।

এদিকে বড়দিনে যুক্তরাষ্ট্রকে ‘উপহার’ দেওয়ার বিষয়ে উত্তর কোরিয়ার হুমকির পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমি উত্তর কোরিয়ার উপহার গ্রহণে প্রস্তুত রয়েছি। অবকাশ যাপন কেন্দ্রে মার-এ-লাগোতে ট্রাম্প বলেন, আমরা বিস্ময়ের অপেক্ষায় আছি। এটি খুবই সুন্দর উপহার হতে পারে। হয়তো আমার জন্য সুন্দর ফুলদানি দেওয়া হতে পারে। যদিও মার্কিন প্রশাসন আশঙ্কা করছে, উত্তর কোরিয়া দীর্ঘপাল্লার কোনো ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাতে পারে। অন্যদিকে চীনের সঙ্গে বাণিজ্য চুক্তির ব্যাপারে জানিয়েছেন, তিনি এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং দ্রুত বাণিজ্য চুক্তির প্রথম ধাপে সই করবেন।