রাজধানীর মোহাম্মদপুরে মাদ্রাসার এক ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে মসজিদের ইমামকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ইমামের নাম আব্দুল্লাহ আল হাদী (৩২)। গত মঙ্গলবার রাতে মোহাম্মদপুর থানা পুলিশ তাকে গ্রেফতার করে। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় ভুক্তভোগী মাদ্রাসা শিক্ষার্থী নিজে বাদী হয়ে থানায় মামলা করে।
ভুক্তভোগী মাদ্রাসা ছাত্র জানান, সে শ্যামলী কেন্দ্রীয় শাহী মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সে থাকেন এবং সেখানে পড়ালেখা করেন। সম্প্রতি তার মায়ের অপারেশনের জন্য টাকার প্রয়োজন হয়। এ জন্য মাদ্রাসার সবাই তাকে আর্থিক সহযোগিতা করেছে। বাকি কিছু টাকার জন্য মাদ্রাসার ওস্তাদ মুফতি আব্দুল আল মামুন ২৩ ডিসেম্বর সন্ধ্যার দিকে মোহাম্মদপুর শহীদ পার্ক কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম আব্দুল্লাহ আল হাদীর কাছে পাঠান। ঐদিন মাগরিবের নামাজ শেষ করে আব্দুল্লাহ আল হাদী মসজিদের মাইকে তার সমস্যার কথা বলে মুসল্লিদের কাছ থেকে কিছু টাকা তুলে দেন এবং তাকে ২৪ ডিসেম্বর মঙ্গলবার সকালে আসতে বলেন। মঙ্গলবার ভোর ৬টার দিকে শহীদ পার্ক মোহাম্মদপুর কেন্দ্রীয় জামে মসজিদে যান ঐ শিক্ষার্থী। তখন আব্দুল্লাহ আল হাদী তাকে মসজিদের তার রুমে নিয়ে দরজা আটকে দেয় এবং তাকে দিয়ে ইমামের শরীর ম্যাসেজ করায়। ঐ ছাত্র আরো বলেন, একপর্যায়ে ইমাম তাকে দৈহিক সম্পর্ক করার প্রস্তাব দেন। সম্মতি না দিলেও জোরপূর্বকভাবে তিনি তাকে যৌন নির্যাতন করেন। আর এ ঘটনা যেন কারো কাছে না বলা হয় সেজন্য বিভিন্নভাবে তাকে ভয়ভীতি দেখান।
মোহাম্মদপুর থানার ওসি মো. আব্দুল লতিফ বলেন, ঐ ছাত্রের শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
