কাভানির হ্যাটট্রিকে পিএসজির বড় জয়

আপডেট : ১২ নভেম্বর ২০১৮, ২১:১৫

ফরোয়ার্ড এডিসন কাভানির মৌসুমের প্রথম হ্যাটট্রিক এবং নেইমারের লক্ষ্যভেদে মোনাকোকে ৪-০ গোলে হারিয়েছে ফরাসি চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেইঁ। মোনাকোর মাঠের খেলাটিতে ৪ মিনিটেই নেইমারের পাস থেকে দলকে এগিয়ে দেন কাভানি। একাদশ মিনিটে উরুগুইয়ান স্ট্রাইকার আবারো লক্ষ্যভেদ করলে ব্যবধান দ্বিগুণ করে থমাস টুখেলের শিষ্যরা। ৫৩ মিনিটে গোল করে মৌসুমের প্রথম হ্যাটট্রিক পূর্ণ করেন কাভানি। ৬৪ মিনিটে পেনাল্টি থেকে নেইমার লক্ষ্যভেদ করলে বড় জয় নিশ্চিত হয়ে যায় পিএসজির। নিজেদের শুরুর ১৩ ম্যাচের সবকটিতেই জিতে পয়েন্ট তালিকার চূড়ায় অবস্থান করছে তারা। অন্যদিকে মোনাকোর ঘোর দুঃসময় চলছে। ১৩ ম্যাচ থেকে মাত্র সাত পয়েন্ট নিয়ে তালিকার ১৯ নম্বরে অবস্থান করছে ২০১৭ সালের শিরোপাজয়ীরা।